কণ্ঠশিল্পী শান এবার হাজির হচ্ছেন ‘তুমি আমি জোনাকি’ শীর্ষক একটি সিঙ্গেল ট্র্যাক নিয়ে। গানের কথা লিখেছেন তানিয়া সুলতানা। আর সুর ও সঙ্গীত শানের নিজের। এই গানের ভিডিও রিলিজের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে লায়নিক মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি অডিও এবং মিউজিক ভিডিও প্রযোজনার পাশাপাশি নাটক ও শর্টফিল্মও নির্মাণ করবে। এই গানটির মিউজিক ভিডিওতে দেখা যাবে ফারিয়া শাহরিন ও ইরফান সাজ্জাদকে। ভিডিও নির্মাণ করেছেন জীবন শাহাদাৎ। ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি মূলত নাটকের গান। ফারিয়া-ইরফানের রসায়নে গানটি দারুণ জমেছে। প্রযোজকের পছন্দে ভিডিও আকারে আসছে। আশা করছি দর্শক ঠকবেন না।’ নতুন গান প্রসঙ্গে শান বলেন, ‘একটু ভিন্ন রকম গান করলাম এটি। একেবারে মাখো মাখো প্রেমের গান। এই সময়ের শ্রোতারা যেমন গান পছন্দ করেন ঠিক সেরকম। বাকীটা শ্রোতারাই ভালো বলতে পারবেন।’ গানটি আগামী ১৩ মে লায়নিক মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।
