আজ সোনমের বিয়ে




সিনেমায় বিয়ের পিড়িতে অনেকবার বসেছেন সোনম কাপুর। কিন্তু আজ তিনি বাস্তব জীবনে বউ সেজেছেন।
আজ মঙ্গলবার সোনমের খালা ও ইন্টেরিয়র ডিজাইনার কবিতা সিংয়ের রকডেল বাংলোয় শিখ রীতি অনুসারে বিয়ে হচ্ছে আনন্দ আহুজা ও সোনমের। ইতিমধ্যে সোনম কাপুরের বউ সাজের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ পেয়েছে।
সকাল থেকেই বিয়েবাড়িতে অতিথিরা আসতে শুরু করেছেন। নির্মাতা করণ জোহর, অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর মেয়ে শ্বেতা নন্দা বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, স্বরা ভাস্কর, রাকেশ ওম প্রকাশ মেহরাসহ অনেকেই হাজির হয়েছেন সোনমের বিয়েতে। বিয়ে সম্পন্ন হলে অতিথিদের জন্য আছে মধ্যাহ্নভোজের আয়োজন।
এরপর আজ রাত আটটায় হবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। মুম্বাইয়ের পাঁচ তারকা লীলা হোটেলে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে আসবেন পরিবার ও বলিউডের লোকজন। মেহেদি অনুষ্ঠানের মতো সেখানেও নাচ-গানের আয়োজন রাখা হয়েছে।
বিয়ে এই মাসে হলেও সোনমদের জুহুর বাড়িতে মরিচা বাতি লেগেছে গত মাসেই। নায়িকার মা সুনিতা ভবানী নিজে দাঁড়িয়ে থেকে বিয়েবাড়ির আলোকসজ্জার নির্দেশনা দিয়েছেন। আলোর রোশনাইয়ে ভরে গেছে বিয়েবাড়ির চারপাশ। উৎসবের আমেজে মেতেছে গোটা কাপুর ও আহুজা পরিবার।