আবারও মাহাথিরের হাতেই মালয়েশিয়ার চাকা




৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন বিরোধী জোট পাকাতুন হারাপান মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে জয় পেয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকাতুন হারাপান ১২১টি আসন পেয়ে বিজয়ী হয়েছে। সরকার গঠনের জন্য নিয়ম অনুযায়ী ১১২টি আসনে জয় পাওয়ার দরকার ছিল।
অর্থাৎ তার নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোটই বুধবারের এ নির্বাচনে নতুন সরকার গঠনের জন্য পার্লামেন্টে পর্যাপ্ত আসন জিতেছে। অন্যদিকে ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল ৭৯টি আসন লাভ করেছে বলে এএফপির খবরে বলা হয়েছে।
নির্বাচন কমিশন বলছে, ভোটের কিছু ফল প্রকাশিত হয়েছে অনানুষ্ঠানিকেভাবে। সেগুলো যাচাই করা হয়নি।
কমিশনের চেয়ারম্যান মোহদ হাশিম আবদুল্লাহ সাংবাদিকদের বলেছেন, “রাজনৈতিক দলগুলো যে যার বিশ্বাসমত নির্বাচনে জয় দাবি করতেই পারে। কিন্তু… অনুগ্রহ করে অপেক্ষা করুন। আমরা যত শিগগিরই সম্ভব ভোটের ফল ঘোষণা করব।”
মাহাথির এবারের ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন। ভোটগ্রহণে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন তিনি। মাহাথির বলেছেন, ভোটগ্রহণের সময় শেষের পরও অনেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে তিনি খবর পেয়েছেন। ভোট দেওয়া থেকে ওই ভোটাররা বঞ্চিত হয়েছেন।
তবে ঐতিহাসিক এই বিজয়ের পর সাংবাদিকদের কাছে মাহাথির বলেন, কোনো প্রতিশোধ নিতে চাই না। চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে। বৃহস্পতিবারই শপথ পাঠ করবেন বলে আশা করছেন দক্ষিণ এশিয়ার অন্যতম সফল এই রাষ্ট্রনায়ক।
তবে এ জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো মালয়েশিয়ায় সরকার গঠন করতে যাচ্ছে বিরোধী দল।
মালয়েশিয়ায় এবারের সাধারণ নির্বাচন দেশটির ইতিহাসের ১৪তম। ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পাওয়ার পর থেকেই দেশটির রাষ্ট্রক্ষমতায় ছিল রাজনৈতিক জোট বারিসান ন্যাশনাল (বিএন)। ৬০ বছরেরও বেশি সময় ধরে এই জোট মালয়েশিয়া শাসন করেছে। মাহাথির মোহাম্মদও এই জোটের অংশ ছিলেন। ক্ষমতায়ও এসেছিলেন, ছিলেন সবচেয়ে বেশি সময় ধরে। দক্ষিণ এশিয়ার অন্যতম সফল রাষ্ট্রনায়ক মনে করা হয় তাঁকে। অথচ আবারও রাজনীতির মঞ্চে ফিরে নিজের দল ও একসময়ের শিষ্য নাজিব রাজাকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন মাহাথির। তাঁর বক্তব্য, যে রাজনৈতিক দল দুর্নীতিকে প্রশ্রয় দেয়, সেই দলে থাকা লজ্জার। আর তাই বিরোধী পক্ষের হয়ে পুরো দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দেওয়ার লক্ষ্য নিয়েছেন মাহাথির মোহাম্মদ।