নাজিব রাজাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা




মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। কোটি কোটি ডলারের দুর্নীতিতে নাজিবের যুক্ত থাকার অভিযোগের কারণেই তার ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পাশাপাশি মন্ত্রিপরিষদের কয়েকজন শীর্ষ সদস্যের নাম ঘোষণা করেছেন মাহাথির।
সাবেক প্রধানমন্ত্রী নাজিব ও তার স্ত্রী রোসমাহ মনসুরের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টি ঘোষণার মাধ্যমে জানিয়েছেন দেশটির অভিবাসন কর্মকর্তারা। তাদের এ ঘোষণার কয়েক মিনিট আগেই নাজিব জানিয়েছিলেন নির্বাচনের ধকল সামলাতে পরিবারসহ কয়েক সপ্তাহের জন্য বিদেশ ভ্রমণে যাচ্ছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রী মাহাথির এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি সত্যি, আমি নাজিবকে দেশত্যাগ করতে দিইনি। তদন্তরত একটি অপরাধের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর যুক্ত থাকার অনেক প্রমাণ রয়েছে। প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
একই দিনে নিজের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্যের নামও ঘোষণা করেন প্রধানমন্ত্রী মাহাথির। এর মধ্যে দেশের অর্থমন্ত্রী হিসেবে সাবেক ব্যাংক কর্মকর্তা ও দক্ষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লিম গুয়ান ইংয়ের নাম ঘোষণা করা হয়েছে।