ইন্দোনেশিয়ায় গির্জায় বোমা হামলা, নিহত ১১




ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় আজ রোববার সকালে পৃথক তিনটি গির্জায় আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে ১১ নিহত ও ৪০ জন আহত হয়েছে। ২০০৫ সালের পর এটিই ইন্দোনেশিয়ায় সবচেয়ে ভয়াবহ বোমা হামলা।
আজ রোববারের এসব হামলায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ, খবর বার্তা সংস্থা রয়টার্সের। ‘আত্মঘাতী হামলাকারীরা’ এসব হামলা চালিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।
পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান বলেন, একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলা চালান ওই পরিবারের মা ও তার দুই সন্তান। অন্যদিকে, বাবা আরো তিন ছেলেকে নিয়ে অপর দু’টি গির্জায় একইভাবে হামলা চালান।
পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মানগেরা জানিয়েছেন, তিনটি গির্জায় বিস্ফোরণ ঘটেছে এবং ৪০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, একটি গির্জায় ছোট একটি শিশু ও এক কিশোর বয়সীকে নিয়ে এক নারী প্রবেশ করার পর নিরাপত্তা কর্মীরা তাকে প্রশ্ন করার সময় বোমার বিস্ফোরণ ঘটে। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে একটি গির্জার প্রবেশ পথের চারপাশে মোটরসাইকেল, ধ্বংসাবশেষ পড়ে থাকতে এবং পুলিশকে জায়গাটি ঘিরে রাখতে দেখা গেছে। চতুর্থ আরেকটি গির্জায় বিস্ফোরণ ঘটেছে কি না তাও তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।
তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। হামলার পর রোববার সুরাবায়ায় সব গির্জা সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দিয়েছে পুলিশ। পাশাপাশি শহরটিতে আয়োজিত বড় একটি খাদ্য উৎসব বাতিল করা হয়েছে।