ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টম বিভাগ। মালয়েশিয়া থেকে ঢাকায় উড়ে এসে আসা একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে পাওয়া যায় এই সোনার বারগুলো।
আজ (বৃহস্পতিবার) সকাল ছয়টার দিকে বিমানের বিজি ৮৭ নম্বর ফ্লাইটটি মালয়েশিয়া থেকে ঢাকায় আসে। গোপন খবর পেয়ে বিমানটিতে তল্লাশি করা হয় বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার ফাহমিদা মাহজাবীন।
এ সময় কালো স্কচটেপ মোড়ানো প্যাকেট পাওয়া যায়। বিমানের ৩০ নম্বর আসনের নীচে ছিল প্যাকেটটি। প্যাকেটটি খুললে সেখানে সোনার ৮০টি বার পাওয়া যায়।
কাস্টম হাউস বলছে, প্রতিটি বারের ওজন ১০ তোলা, যার মোট ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। এর মূল্য চার কোটি ৬৪ লাখ টাকা।
