কিউবায় বিমান বিধ্বস্ত; নিহত শতাধিক




কিউবার রাজধানী হাভানায় একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ শতাধিক আরোহী নিয়ে দেশটির মার্তি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে।পাঁচ শিশু ও ক্রু সদস্য মিলিয়ে বিমানটিতে মোট ১০৫ আরোহী ছিল; তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিরা সবাই মারা পড়েছেন বলে কর্মকর্তা ও কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
কিউবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অভ্যন্তরীণ রুটের ওই ফ্লাইটটি রাজধানী হাভানা থেকে ১০৫ জন যাত্রী নিয়ে দ্বীপ দেশটির পূর্ব অংশের ওলগিনে যাচ্ছিল। তুলনাহীন বেশ কয়েকটি সমুদ্রসৈকতের জন্য প্রাদেশিক রাজধানী ওলগিন পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।
স্থানীয় সময় বেলা ১২টা ৮ মিনিটে রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই উড়োজাহাজটি বিমানবন্দর এবং সান্তিয়াগো দে লাস ভেগাস শহরের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার সময়ই উড়োজাহাজটিতে বিস্ফোরণ ঘটে। বিমানবন্দরের কাছেই কালো ধোঁয়া পাকিয়ে উঠতে দেখা যায় টুইটারে আসা ছবিতে।
নিহতদের মধ্যে আর্জেন্টিনার দুই ও মেক্সিকোর বেশ কজন নাগরিক আছেন বলে দেশ দুটির সরকার নিশ্চিত করেছে।
তিন দশকের মধ্যে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতি এ দুর্ঘটনায় দেড় দিনের শোক ঘোষণা করেছে সমাজতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত দেশ কিউবা। দেশটির কমিউনিস্ট পার্টির প্রধান ও সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।