ফুটবল ভক্তদের কাছে এল ক্লাসিকো নামটাই একটা রোমাঞ্চ। সেরা ক্লাব দুইটির লড়াই নিয়ে সবার মধ্যে আগ্রহটা একটু বেশি থাকে। এবারের প্রাক-মৌসুম প্রস্তুতিতে লড়বে দুইদল। ৩০ জুলাই বাংলাদেশ সময় ভোর ছয়টা বেজে পাঁচ মিনিটে হার্ড রক স্টেডিয়ামে মোকাবেলা করবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
ক্লাব ফুটবলের সেরা দ্বৈরথ কোনটি? কোনো চিন্তা ছাড়াই বলে দেওয়া যায় এল ক্লাসিকোর নাম। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই সব সময় আকর্ষনের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়। দেশ থেকে দেশান্তরে, শহর থেকে গ্রামে ছুটে যায় এল ক্লাসিকোর উত্তাপ। ছড়িয়ে পরে ভক্ত সমর্থকদের মনে। কথার বানে নিজের ক্লাবকে সেরা জাহির করার চেষ্টা চলে সর্বত্র।
সময়ের সেরা দুই ক্লাবের লড়াই, সাথে শত বর্ষের ইতিহাস ঐতিহ্য। সেখানে বাড়তি মাত্রা যোগ করে সময়ের সেরা দুই ফুটবলার পাঁচবারের ফিফা বর্ষসেরা লিওনেল মেসি ও চারবার সে পুরস্কার পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথ। তাদের ফুটবল শৈলী, আক্রমন-প্রতি আক্রমন মাঠ মাতায়, মুগ্ধ করে এ দেশ থেকে ও দেশের প্রতিটি ফুটবল প্রেমীদের। আর তাই এল ক্লাসিকো বা রিয়াল-বার্সা লড়াই ফুটবলবোদ্ধাদের কাছে বাড়তি আগ্রহ।
প্রাক-মৌসুম বলেই কিনা সেই উত্তাপটা নেই। দীর্ঘ ফুটবল বিরতির পর ক্লাব ফুটবল মাঠে গড়িয়েছে। কোচদের নতুন রণকৌশলে মানিয়ে নিতে প্রস্তুতিতে ইন্টারনেশনাল কাপ আয়োজন হয়। নতুন কোচের অধীনে কেমন করে বার্সেলোনা, জিদানের রণকৌশলে কিভাবে মানিয়ে নেয় রিয়াল মাদ্রিদ তাই দেখার বিষয়। তারপরও এল ক্লাসিকো বলেই কিনা আগ্রহটা ছড়িয়ে পড়ে।
বছরে দুই এল ক্লাসিকো নির্ধারণ হয়ে থাকে।মৌসুম শুরুর পর লা লীগাতে এল ক্লাসিকোর সময়সূচিও নির্ধারণ হয়ে গেছে। ২০ ডিসেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে দুই দল। এরপর কাতালান দলটি আতিথেয়তা দিবে সফরকারী দলকে নিজেদের ক্যাম্প ন্যু মাঠে ৫ মে।
