প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা এক লাখ রোহিঙ্গাকে শিগগিরই কক্সবাজারের টেকনাফের শিবির থেকে ভাসানচরে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন।
গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং
ইউএনএফপিএর এক্সিকিউটিভ ডিরেক্টর নাতালিয়া ক্যানেম সাক্ষাত্ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী ইউএনএফপিএ কর্মকর্তাকে জানান, আওয়ামী লীগ সরকার বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক দৃষ্টিকোণ থেকে আশ্রয় দিয়েছে। কারণ বাংলাদেশের জনগণেরও এ ধরনের শরণার্থী হওয়ার অভিজ্ঞতা রয়েছে।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “রোহিঙ্গাদের মানিবক কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, স্থানীয় জনগণ তাদের খুব সহায়তা করছে। বর্ষা মৌসুমে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে
প্রধানমন্ত্রী বলেছেন যে, মিয়ানমার যতদিন তাদের নাগরিকদের ফিরিয়ে না নেয়, ততিদন ভাসানচরে তাদের জন্য অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।”
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, “অল্পদিনের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে ওখানে স্থানান্তরের কথাও বলেছেন প্রধানমন্ত্রী।”
