১২ জুন সিঙ্গাপুরে বৈঠক হওয়ার কথা ছিল উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই বৈঠক ঘিরে সারা বিশ্বে ছিল চাপা উত্তেজনা। তবে হচ্ছে না এই বৈঠক। আজ বৃহস্পতিবার ওই বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
জানা গেছে, উত্তর কোরিয়ার সাম্প্রতিক এক বিবৃতিতে চরম ক্ষুব্ধ হয়ে ট্রাম্প এই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেন। ট্রাম্প ওই বিবৃতিকে ‘প্রকাশ্যে শত্রুতা’ বলেও আখ্যা দেন। বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছেন, উনের সঙ্গে ১২ জুন বৈঠক করা যুক্তিযুক্ত হবে না। কিমের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেছেন, অন্য কোনো দিন কিমের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় থাকবেন তিনি।
কয়েক দশক ধরে মুখোমুখি অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে কিম জং উনের বৈঠকের পর কোরীয় উপদ্বীপে শান্তি ফেরার আশা করা হচ্ছিল। দুই নেতা বৈরিতার অবসান ঘটিয়ে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছিলেন।
এরপর উত্তর কোরিয়া সফর করেন দক্ষিণ কোরিয়ার দীর্ঘ দিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এরপরে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠকের তারিখ ও স্থান নির্ধারিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।
তবে তারপরেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া নিয়ে আপত্তি করছিল পিয়ংইয়ং। হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম। তাকে জবাব দিয়ে চিঠিতে ট্রাম্প লিখেছেন, “আপনি আপনাদের পরমাণু সক্ষমতার কথা বলেছেন। তবে আমাদেরটা এত বিপুল ও শক্তিশালী যে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সেগুলো কখনও ব্যবহার করতে না হয়।”
ট্রাম্প এই চিঠি পাঠানোর আগে বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের এক হুঁশিয়ারি উড়িয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার কর্মকর্তা কোয়ে সন-হুই। তিনি বলেছেন, উত্তর কোরিয়া আলোচনার জন্য ‘ভিক্ষা’ চাইবে না। কূটনীতি ব্যর্থ হলে ‘পরমাণু অস্ত্র প্রদর্শনের’ হুমকি দেন তিনি।
