দৃশ্যটা অনেকটা বিখ্যাত হলিউড সিনেমা স্পাইডারম্যানের মতো। পাঁচ তলার ব্যালকনি থেকে ঝুলে রয়েছে শিশু। আর তাকে বাঁচাতে নীচ থেকে যেন এক রকম ‘উড়ে’ যাচ্ছেন এক যুবক। তবে রিল লাইফ নয়, ইনি রিয়েল লাইফ স্পাইডারম্যান। নিমেষে একতলা থেকে পাঁচতলার পৌঁছে গেলেন তিনি। মৃত্যুর মুখ থেকে বাঁচালেন ওই ঝুলন্ত শিশুকে।
গত শনিবার চার বছরের ওই শিশুকে যে কায়দায় বাঁচিয়েছেন ওই যুবক তার পর থেকে এই নামেই সকলের কাছে পরিচিত হয়েছেন তিনি। শনিবার ভারতীয় সময় রাত ৮টা নাগাদ প্যারিসে এই ঘটনা ঘটে। স্পাইডারম্যানের কায়দায় শিশুকে বাঁচানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
২২ বছরের ওই যুবকের নাম মামৌদো গাসামা। কোনও ভাবে পা পিছলে শিশুটি ব্যালকনি থেকে ঝুলছিল। সে সময় শিশুটির বাবা-মা বাড়িতে ছিলেন না। তাকে উদ্ধারের জন্য দমকলে খবর দেওয়া হয়। কিন্তু দমকলের আসতে দেরি হচ্ছে দেখে আর দেরি করেননি গাসামা। নীচ থেকে পাঁচতলায় যাওয়ার জন্য কোনও মই বা দড়ির সাহায্যও নেননি। খালি হাতে রেলিং বেয়ে মাত্র এক মিনিটে পাঁচতলায় পৌঁছে যান। তারপর শিশুটির হাত ধরে টেনে তুলে নেন। দমকল যতক্ষণে এসে পৌঁছেছে ততক্ষণে সম্পূর্ণ বিপন্মুক্ত শিশুটি।
এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ তাকে এলিসি প্রাসাদে আমন্ত্রণ জানান এবং ঘোষণা করেন যে গাসামাকে নাগরিকত্ব দেয়া হবে। পাশাপাশি তাকে একটি পদক দেয়া হয় এবং ফরাসি দমকল বাহিনীতে তাকে চাকরি দেয়া হবে বলে বলা হয়। নিজের প্রাণ তুচ্ছ করে শিশুটিকে রক্ষা করার জন্য ফরাসি প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানান।
গাসামা জানান, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক বাড়ির সামনে প্রচুর ভিড় দেখতে পান। এরপর তিনি দেখেন যে পাঁচ তলার ব্যালকনি থেকে শিশুটি ঝুলে রয়েছে। ফরাসি সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে গাসামা বলেন “এরপর আমার চিন্তা করার সময় ছিল না।”
