সম্প্রতি এ ‘বরফি’ তারকা বলেন, ‘অনুরাগ ভীষণ দায়িত্বজ্ঞানহীন একজন পরিচালক। তাঁর কাছে কোনো আধুনিক কৌশল নেই, কোনো সঠিক চিত্রনাট্য নেই, কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। অনুরাগ তিন দিনের দিন আগামী ৪০ দিনের শুটিং বাতিল করে দেন।’
বরফি’তেও অনুরাগের গাফিলতির কথা উল্লেখ করে রণবীর বলেন, ‘ বরফি’তে অভিনয়ের সময়ও আমি দেখেছি, অনুরাগ কাজের ব্যাপারে খুব ঢিলেঢালা। ওর এই দিকটা আমার মনে রাখা উচিত ছিল। এই বিষয়টি আমি তখন গুরুত্বের সঙ্গে নিইনি। আসলে ‘বরফি’-এর সাফল্য আমাকে সবকিছু ভুলিয়ে দেয়। কিন্তু ‘জাগগা জাসুস’-এর ক্ষেত্রে একই ভুলের পুনরাবৃত্তি হলো। তাই তাঁকে আর ক্ষমা করা যায় না।’
অথচ ছবির প্রচারণার সময় এই রণবীরই তাঁর প্রিয় দাদার (অনুরাগ) প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। ‘জাগগা জাসুস’ দেরিতে মুক্তি পাওয়ার দায়ভার তিনি নিজের ওপরও নিয়েছিলেন। কিন্তু এখন হঠাৎ করেই এই হাওয়া বদল।
এদিকে কিছুদিন আগে ঋষি কাপুর বলেছিলেন, ‘জাগগা জাসুস’-এর ক্ষেত্রে অনুরাগ চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। তিনি নাকি এমনই এক দায়িত্বজ্ঞানহীন পরিচালক, যে মাঝপথে কাজ বন্ধ করে দেন। আর দুই বছরে এই পরিচালক ছবি মুক্তির দিন বদল করেছেন তিনবার। এছাড়া অভিনেতা গোবিন্দ’র অংশটুকু সিনেমা থেকে বাদ দেয়ার সমালোচনাও করেছিলেন তিনি।
