মাদক সেবনের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি নোয়াখালীর সোনাইমুড়ি থানা হাজতে মারা গেছেন।
পুলিশের দাবি, দেউটি ইউনিয়নের দুর্গা দৌলতপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে তাজুল ইসলাম তুষার (২৩) মাদকসেবী, তিনি আত্মহত্যা করেছেন।
জানা গেছে, তুষার অটোরিকশা চালক, শুক্রবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। রাখা হয়েছিল থানা হাজতে।
এবিষয়ে, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জনান, আজ (রোববার) ভোর রাতের দিকে থানা হাজতে নিজের লুঙ্গিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তুষার।
এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। সারাদেশে মাদকবিরোধী অভিযানের মধ্যে তুষারের বাবাই তাকে ধরিয়ে দিয়েছিলেন বলে দাবি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল। বলেন, “শুক্রবার রাতে তুষার বাড়িতে ইয়াবা সেবন করার সময় তার বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের মাধ্যমে থানায় খবর দেন। রাতেই পুলিশ তাকে ৯ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে।”
নিহতের পরিবারের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, তুষার মাদকাসক্ত হয়ে পড়েছিল। পরিবারের সদস্যরা নিষেধ করেও তাকে এই পথ থেকে ফেরাতে না পারছিল না।
