খাবেন নাকি পুষ্টিকর তেলাপোকার দুধ?




প্রবাদ আছে, টাকায় বাঘের দুধ মেলে। তবে বাস্তবে কেউ বাঘের দুধের দেখা পেয়েছেন কিনা জানা যায়নি। তাছাড়া গরুর দুধ, ছাগলের দুধ তো আমরা সবাই খেয়েছি। তবে এসব দুধকে ছাড়িয়ে এবার আসছে তেলাপোকার দুধ।
শুনেই গা ঘিনঘিন করলেও তেলাপোকার দুধকে পুষ্টিগুণ সমৃদ্ধ পরবর্তী ‘সুপারফুড’ হিসেবে বর্ণনা করা হচ্ছে। সম্প্রতি এক গবেষণায় জানা যাচ্ছে, তেলাপোকার দুধ আপনার জন্য হতে পারে বিশেষ উপকারী – কারণ এতে গরুর দুধের চেয়েও অনেক বেশি শক্তি রয়েছে, রয়েছে অনেক বেশী অ্যামিনো অ্যাসিড।
তবে প্রশ্ন হচ্ছে: তেলাপোকার দুধ কিভাবে সংগ্রহ করা হয়? মূলত এই দুধ সংগ্রহ করা হয় তেলাপোকার একটি বিশেষ জাত -প্যাসিফিক বিট্ল ককরোচ থেকে। এই তেলাপোকা ডিম পাড়ে না। এরা বাচ্চা দেয় এবং এর দেহে দুধ তৈরি হয়।
তবে এই দুধ তরল আকারে থাকে না। তাই ‘দুধ দোয়ানোর’ কোন ব্যাপার থাকে না।
বিজ্ঞানীরা তেলাপোকার পেট কেটে তার মধ্য থেকে স্ফটিক আকারে থাকা এই দুধ সংগ্রহের কথা বলছেন।
তেলাপোকার দুধ নিয়ে গবেষণা করছে যেসব বিজ্ঞানী তাদের একজন হলেন ড. লিওনার্ড শ্যাভাজ। তিনি জানান, বাণিজ্যিকভাবে তেলাপোকার দুধ সংগ্রহ করতে হলে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। প্রতি ১০০ গ্রাম দুধের জন্য আপনাকে ১০০০ তেলাপোকা হত্যা করতে হবে।
অবশ্য বিশ্বের অনেক দেশেই খাদ্য হিসেবে তেলাপোকা বেশ জনপ্রিয়। পূর্ব এশিয়ায় ভ্রমণে গিয়ে অনেকেই স্ট্রিট ফুড হিসেবে ভাজা তেলাপোকার স্বাদ নিয়েছেন। চেখে দেখেছেন তেলাপোকার কাবাব। সুতরাং তেলাপোকার দুধ যে সকালের নাস্তার টেবিলে স্থান পাবে না তা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না।