২০১৫ সালে নারীকর্মী পাঠানোর মধ্য দিয়ে সৌদি আরবে বাংলাদেশী জনশক্তি রপ্তানির বাজার পূণরায় উন্মুক্ত হয়। তবে সৌদি প্রবাসী বেশিরভাগ নারীকর্মী কর্মক্ষেত্রে হয়েছেন নির্যাতনের শিকার।
বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের মে থেকে ৩ জুন পর্যন্ত সৌদি আরবের রিয়াদ থেকে প্রায় তিন শ নারী ফেরত এলেন। এদের মধ্যে কেউ মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফিরেছেন, আবার কেউ বা ফেরত এসেছেন অন্তঃসত্ত্বা হয়ে।সর্বশেষ গতকাল রোববার ফেরত এসেছেন আরো ২৯ নারী।
চোখ ভরা স্বপ্ন নিয়ে দেশ ছেড়ে সৌদি আরব গিয়েছিলেন গৃহকর্মীর কাজ নিয়ে। ফেরত এসেছেন পলিথিন ভরা কয়েকটি ছেঁড়া কাপড় নিয়ে।
এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজে করে দেশে আসা অন্য যাত্রীরা ট্রলি করে বিভিন্ন জিনিস নিয়ে বের হচ্ছেন, আর বিমানবন্দরে অপেক্ষমাণ স্বজনেরা তাঁদের দেখেই জড়িয়ে ধরছেন। অপেক্ষমাণ গাড়িতে করে তাঁরা বাড়ি ফিরছেন। তবে সৌদি থেকে ফেরত আসা নারীদের জন্য বিমানবন্দরে কেউ অপেক্ষায় ছিলেন না। একজনের হাতে ধরা একটি ট্রলিতেই ২৯ জনের মালামাল জায়গা হয়ে গিয়েছিল। কয়েকজনের হাতে ছিল পলিথিন বা ছোট কোনো ব্যাগ।
এদের সবার সকল ক্ষোভ গিয়ে পড়ছিল সরকার ও দালালদের ওপর। বিমানবন্দরের ভেতর থেকে ক্লান্ত পায়ে বের হয়েই এই নারীরা একাধিক গণমাধ্যমের ক্যামেরার মুখোমুখি হন। নিজের মুখ ঢাকতে এই নারীরা ব্যস্ত হয়ে পড়েন। কেননা তাঁরা নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন এ খবর এলাকার লোকজন দেখে ফেললে লজ্জায় মুখ দেখানোর উপায় থাকবে না। এই নারীদের বেশির ভাগই দেশে ফিরেছেন সে তথ্য তাঁর পরিবারের স্বজনদেরও জানানোর সুযোগ পাননি। খালি হাতে ফেরত আসার কারণে বেশির ভাগের হাতে মুঠোফোনও নেই। গণমাধ্যমকর্মীদের কেউ কেউ কোনো কোনো নারীর বাড়ির মুঠোফোনে ফোন করে তাঁদের দেশে ফেরার খবর জানাতে সহায়তা করেন। অনেকেই জানেন না রাতের বেলা তাঁরা কোথায় যাবেন।
খাবার না দেওয়া, ২৪ ঘণ্টার মধ্যে পারলে ২০ ঘণ্টাই কাজ করানো, বেতন চাইলে মারধর করা, বাথরুমে আটকে রাখা, বাড়িতে কারও সঙ্গে যোগাযোগ করতে না দেওয়াসহ অসংখ্য নির্যাতনের কথা বলছিলেন একেকজন। যৌন নির্যাতনের শিকার হয়েছেন তা কেউ সরাসরি স্বীকার করেননি। তবে কেউ কেউ বলেন, সে চেষ্টাও করেছে মালিক। তাই নিজের জীবন ও ইজ্জত বাঁচানোর জন্যই জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি থেকে পালান। নিজেদের অভিজ্ঞতায় জানান, সফর জেলে থাকা আরও প্রায় ৫৯ নারীর কেউ কেউ যৌন নির্যাতনের শিকার হয়েছেন। মারধর করে কারও কারও হাত পাও ভেঙে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবে ১৩ লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছে। সৌদি আরবে যাবার ক্ষেত্রে নারীকর্মীদের সমস্ত খরচ বহন করে সৌদি নিয়োগকারী সংস্থা। নারীদের আকৃষ্ট করতে সরকারি বেসরকারি উদ্যোগে বিনা খরচে এক মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নারীকর্মীদের বিদেশে পাঠানোর আগে স্বল্প খরচে বাংলাদেশে সরকারি ২৬টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আরবি ভাষা, গৃহস্থলীর কাজকর্ম এবং সৌদি নিয়মকানুন শেখানো হয়।
