ভারতের ক্রিকেট সম্রাজ্যের দাদা হিসেবে খ্যাত সৌরভ গাঙ্গুলির সাথে ফুটবল জাদুকর লিওনেল মেসি অনেক মিল।
তারা অনুভব করেন, বিশ্বকাপ না জেতার যন্ত্রণা কতটুকু। বোঝেন, ফাইনালে উঠেও ট্রফি জিততে না পারার কষ্ট সারা জীবন বয়ে বেড়াতে হয়।আর দলের অধিনায়ক হলে যে যন্ত্রণাটা দ্বিগুণ…
সমীকরণ মেলাতে হলে আপনাকে ফিরে যেতে হবে ২০০৩-এ; সেবার ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি সৌরভ গাঙ্গুলির। ক্যারিয়ার শেষ করেছেন বিশ্বকাপ ট্রফি ছাড়াই।
এবার আসুন গত ফুটবল বিশকাপে; মেসি জায়গায় দেখতে পাবেন সৌরভ গাঙ্গুলিকে। ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে জার্মানির কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। এছাড়াও, ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি মেসি।
আর এই জন্যই বোধহয় ব্রাজিলের সমর্থক হয়েও সৌরভ চান মেসি বিশ্বকাপ জিতুক। কষ্ট যেন মেসিকে বয়ে বেড়াতে না হয়, এটাই প্রার্থনা গাঙ্গুলির।
আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনো পর্যন্ত আর্জেন্টিনার হয়ে কোনো ট্রফি না জেতা মেসিকে শুভকামনা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি। বললেন, ‘মেসির জাদু দেখার জন্য অপেক্ষা করছি। তার জন্য এবারের টুর্নামেন্টটা অনেক গুরুত্বপূর্ণ!’
সৌরভের ধারণা, এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির মধ্যে যেকোনো এক দলের হাতে শোভা পাবে। কিন্তু ভালোবাসা মেসির জন্য, বললেন, ‘আমি ব্রাজিলের সমর্থক, কিন্তু মেসির খেলার ভক্ত আমি।’
