পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনে লড়ছেন শাহরুখের বোন




পাকিস্তানের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন বলিউডের মেগাস্টার শাহরুখ খানের বোন নূর জাহান।
দেশটির দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন ও জিও টিভির খবরে বলা হয়, পাকিস্তান পার্লামেন্টের পেশোয়ার আসন (আসন নং-৭৭) থেকে স্বতন্ত্র সংসদ প্রার্থী হিসেবে ইসলামাবাদে নির্বাচন কমিশন থেকে নূরজাহান মনোনয়নপত্র তুলেছেন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের এ আসনে বর্তমান সংসদ সদস্য ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের শওকত ইয়ুসুফজায়ী।
উল্লেখ্য, নূরজাহান শাহরুখ খানের আপন বোন নন। তিনি হলেন শাহরুখের চাচাতো বোন। শাহরুখের নিজের বোনের নাম শেহনাজ লালারুখ খান।shah rukh sister

ঠিকানার দিক থেকে বহুদিন ধরেই সীমান্তের এপারে শাহরুখ খান আর ও পারে নূর জাহান থাকলেও, গণমাধ্যমে প্রকাশিত খবর জানা গেছে, বোন নূর জাহানের সঙ্গে যথেষ্টই সম্পর্ক রয়েছে শাহরুখের। দুই বার মুম্বইয়ে এসে শাহরুখ আর তার পরিবারের সঙ্গে দেখা করে গিয়েছেন নূর। দুই পরিবারের মধ্যে সম্পর্ক যথেষ্টই মধুর।
এক সাক্ষাৎকারে নূর বলেছেন, ‘নারীর ক্ষমতায়নের জন্য আমি কাজ করতে চাই। ভোটে জিতে আমি আমার কেন্দ্রের মহিলাদের সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরতে চাই।’
ভাইয়ের সম্পর্কে নূরজাহান বলেছেন, ‘ভাই শাহরুখ খানকে তার অভিনয়ের জন্য মানুষ যেমন ভালোবাসে, তেমনি জনপ্রতিনিধি হিসেবে আমাকেও ভালোবাসে। এর আগে কাউন্সিলর নির্বাচনেও মানুষের অকৃত্রিম ভালোবাসায় নির্বাচিত হয়েছি।’
রাজনীতিতে অবশ্য এই পরিবারের জন্য নতুন নয়। নূরজাহানের ভাই মনসুর জানান, আবদুল গাফফার খানের খোদাই খিদমতগার আন্দোলনের সঙ্গে জড়িত ছিল আমার পরিবার ও পূর্বপুরুষেরা। আমাদের পরিবারের রাজনৈতিক ধারাবাহিকতা আছে।