সর্বশেষ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। এটিকে যুক্তরাষ্ট্রের জন্য ‘কঠোর সতর্কবার্তা’ বলে বর্ণনা করেছে দেশটি।
প্রথম আইসিবিএম পরীক্ষার তিন সপ্তাহ পর উত্তর কোরিয়া শুক্রবার মধ্যরাতে দ্বিতীয়টি উৎক্ষেপণ করল।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) খবরে বলা হয়, “নেতা গর্বিতভাবে বলেছেন, যুক্তরাষ্ট্রের পুরো মূলভূখন্ড আমাদের আঘাত হানার আওতার মধ্যে আছে এ পরীক্ষায় তাও নিশ্চিত হয়েছে।”
অবশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ‘শুধু উত্তর কোরিয়ার শাসকদের সাম্প্রতিক অপরিণামদর্শী ও বিপজ্জনক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন।
উৎক্ষেপণের কথা নিশ্চিত করে উত্তর কোরিয়া জানিয়েছে, আইসিবিএমটি ৪৭ মিনিটের কিছু বেশি সময় উড়েছে এবং ৩,৭২৪ কিলোমিটার উচ্চতায় উঠেছিল। ক্ষেপণাস্ত্রটির বায়ুমণ্ডলে ‘পুনঃপ্রবেশের সামর্থ্যগুলো সাফল্যজনকভাবে পরীক্ষা’ করা হয়েছে বলে দাবি করেছে দেশটি।
আইসিবিএমটি হওয়াসং-১৪ ছিল বলে বিবৃতিতে বলা হয়েছে। ৩ জুলাই একই মডেলের প্রথম আইসিবিএমটির পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। তবে এবারেরটি আরো বেশি উচ্চতায় ও বেশি সময় ধরে উড়ে বেশি দূরে গিয়ে পড়েছে। এতে ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে যা ভাবা হয়েছিল সম্ভবত তারচেয়ে আরো অনেক ভিতরে গিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রস্থলে আঘাত হানতে পারবে ক্ষেপণাস্ত্রটি। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রটির স্থান, পাল্লা, সর্বোচ্চ উচ্চতা এবং ফ্লাইট টাইমের তথ্য প্রকাশ করেন। যদিও পুরো বিশ্লেষণ শেষ হয়নি কিন্তু কিছু বিষয় বোঝা গেছে।
বিভিন্ন প্রতিবেদনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি জাপানের উত্তরাঞ্চলের উপকূলের সাগরে পড়েছে বলে জানানো হয়েছে।
এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মহড়া দিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা।
