স্বর্ণের উত্তোলন কমলেও ব্যবহার বেড়েছে চীনে




চীনে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) স্বর্ণের উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮৫ শতাংশ কমেছে। তবে একই সময় দেশটিতে মূল্যবান ধাতুটির ব্যবহার বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮৯ শতাংশ। চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের (সিজিএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বে স্বর্ণ উত্তোলনকারী দেশগুলোর তালিকায় চীন শীর্ষে রয়েছে। সিজিএর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে চীনে ২০৬ দশমিক ৫৪ টন স্বর্ণ উত্তোলন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮৫ শতাংশ কম। এর মধ্যে খনিজ থেকে স্বর্ণ উত্তোলন হয়েছে ১৭৮ দশমিক ৪৬ টন। একই সঙ্গে লৌহমুক্ত স্বর্ণ উত্তোলন হয়েছে প্রায় ২৮ দশমিক শূন্য ৮ টন।
অন্যদিকে দেশটির অভ্যন্তরীণ বাজারে একই সময় মূল্যবান ধাতুটির ব্যবহার হয়েছে ৫৪৫ দশমিক ২৩ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮৯ শতাংশ বেশি। চলতি বছরের প্রথমার্ধে চীনে স্বর্ণবারের ব্যবহার বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৫১ দশমিক শূন্য ৯ শতাংশ। এ সময় দেশটিতে ১৫৮ দশমিক ৪ টন স্বর্ণের বার ব্যবহার হয়েছে। একই সঙ্গে এ সময় চীনের অভ্যন্তরীণ বাজারে স্বর্ণালঙ্কার ব্যবহার হয়েছে ৩৩০ দশমিক ৭৭ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ২৬ শতাংশ কম।
২০১৬ সালে দেশটিতে স্বর্ণের উত্তোলন আগের বছরের তুলনায় দশমিক ৭৬ শতাংশ বেড়েছিল। ওই বছর চীনে মোট ৪৫৩ দশমিক ৪৯ টন স্বর্ণ উত্তোলন হয়। তবে ২০১৬ সালে দেশটিতে আগের বছরের তুলনায় স্বর্ণের ব্যবহার কমে ৬ দশমিক ৭৪ শতাংশ। ওই বছর চীনে মোট ৯৭৫ দশমিক ৩৮ টন স্বর্ণ ব্যবহার করা হয়। সেই হিসাবে চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে। এ সময় চীনে পণ্যটির উত্তোলন কমলেও অভ্যন্তরীণ বাজারে ব্যবহার বেড়েছে।
মেলবোর্নভিত্তিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপের (এএনজেড) জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ডেনিয়েল হাইনস জানান, চলতি বছর চীনে বেশ কয়েকটি পণ্যের মতো স্বর্ণের উত্তোলনও কমেছে। মূলত উত্তোলন খাতে তুলনামূলক বাড়তি ব্যয়ের কারণে পণ্যটির উত্তোলনে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ফলে অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য চীন স্বর্ণ আমদানিতে ঝুঁকতে পারে।