সাত জেলায় সড়কে ঝরল ৩০ প্রাণ




তাৎক্ষণিকভাবে হতাহতদের সবার নাম পরিচয় জানা যায়নি। পুলিশ কর্মকর্তারা বলছেন, নিহতদের মধ্যে কেউ কেউ আছেন, যারা ঈদের পর বাড়তি ছুটি কাটিয়ে রাতের বাসে কর্মস্থলে ফিরছিলেন। আবার কেউ চিকিৎসার জন্য যাচ্ছিলেন হাসপাতালে।
এর মধ্যে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় বাস উল্টে ১৬ জন এবং রংপুর সদরে বিআরটিসির বাসে ট্রাকের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন।
আর ফরিদপুরের ভাঙ্গায় বাস খাদে পড়ে দুইজন, নাটোরে ট্রাকচাপায় দুই অটোরিকশা আরোহী, গোপালগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল অরোহী, চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী এবং সাভারের আমিনবাজারে বাস ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

গাইবান্ধার পলাশবাড়িতে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বাস উল্টে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ব্র্যাক মোড়ের কাছে বাঁশকাটা (গরুরহাট) এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আকতারুজ্জামান জানান।

তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি।

রংপুর সদর উপজেলার শলেয়াশাহ বাজারের কাছে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিআরটিসির একটি দোতলা বাসে ট্রাকের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার রাত ২টার দিকে এ দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন বলে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ হেল বাকি জানান।

তিনি বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা বিআরটিসির ঈদ স্পেশাল দোতলা বাসটি ঢাকা যাচ্ছিল। শলেয়াশাহ বাজারের কাছে এসে বাসের একটি চাকা ফেটে যায়। চালক ও চালকের সহযোগী তখন রাস্তার পাশে বাস থামিয়ে চাকা বদলাতে শুরু করেন। বাসের কিছু যাত্রীও নেমে এসে দাঁড়িয়ে দেখছিলেন।

এমন সময় একটি বালুবাহী ট্রাক এসে পেছন থেকে বিআরটিসির বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

নাটোর শহরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় দুই অটোরিকশা আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মশিউর রহমান শিকদার জানান।

নিহতরা হলেন নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামের সুদিষ্ণু দেবনাথ (৫৫) ও তার প্রতিবেশী কানাইচন্দ্র (৩০)। সুদিষ্ণুর স্ত্রী ও মেয়েও এ দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী  নিহত হয়েছেন। এছাড়া আরও ১১ জন আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৮টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গায় তুহিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন । এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে পূর্ব সদরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

ঢাকার সাভারে বাস ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সাভার থানার ওসি মোহসিনুল কাদির জানান, শনিবার সকাল ৮টার দিকে আমিনবাজারে কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আলোকদিয়া গ্রামের প্রধান সড়কে এ দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও আহত হয়েছেন বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান।
নিহত পথচারী ওবায়দুর রহমান (৫০) ওই গ্রামের মৃত ইরফান আলীর ছেলে। মোটরসাইকেলের আরোহী মহসিন আলীকে (২৬) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং চালক মাসুদ রানাকে (২৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।