মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে রক্ষায় সহায়তা বৃদ্ধির জন্য দাতা দেশ ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।
গতকাল শুক্রবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।
রোহিঙ্গাকে কক্সবাজারের কয়েকটি শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। ক্যাম্পে তাঁবুর নিচে মাটির ঘরের বসতি বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে।
এই মৌসুমে প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব ঘটে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
রোহিঙ্গা সঙ্কট নিরসনে মিয়ানমারকে চাপ দিয়ে আসা ব্রিটিশ সরকার শরণার্থীদের অবস্থা দেখতে তাদের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ডকে বাংলাদেশ সফরে পাঠিয়েছে। তার সঙ্গে দেশটির লিঙ্গ সমতা বিষয়ক বিশেষ দূত জোয়ানা রোপারও এসেছেন।
তারা দুজনই শনিবার কক্সাবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সেপ্টেম্বরে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গা ঢল শুরুর পর যেসব দেশ দেশান্তরী এই মানুষগুলোর সহায়তায় এগিয়ে এসেছে তাদের মধ্যে প্রথম কাতারে রয়েছে যুক্তরাজ্য। এরইমধ্যে ১২৯ মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, মানবিক বিপর্যয়কালে অধিকাংশ ক্ষেত্রে লৈঙ্গিক বিষয়গুলো উপেক্ষিত থাকে। তাই শরণার্থী শিবিরের নারী ও মেয়েদের সমস্যা ও তাদের প্রয়োজন সম্পর্কে ধারণা পেতে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে একটি নারী সুরক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন জোয়ানা রোপার। সেখানে তিনি শরণার্থী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।
সফরে বাংলাদেশের মন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন ব্রিটিশ উপমন্ত্রী ফিল্ড ও বিশেষ প্রতিনিধি রোপার। এসব বৈঠকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনার পাশাপাশি নারী শিক্ষা বিস্তার নিয়েও কথা বলবেন তারা।
যুক্তরাজ্যের প্রতিনিধি হিসাবে এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে এলেন মার্ক ফিল্ড। আর রোহিঙ্গা সঙ্কট নিয়ে কথা বলতে তিনি মিয়ানমার গেছেন দুইবার। এছাড়া আরেক প্রতিনিধি জোনা রোপার এই প্রথম বাংলাদেশে এসেছেন।
ফিল্ড বলেন, “বাংলাদেশ রোহিঙ্গা সংকটের জন্য দায়ী না হয়েও বড় ধরনের এই মানবিক সংকট মোকাবেলা করছে। এই রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশের সঙ্গে কাজ করাটা জরুরি, বিশেষ করে এই বর্ষা মৌসুমে তা আরও গুরুত্বপূর্ণ।
“প্রায় এক মিলিয়ন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। যুক্তরাজ্যের সহায়তা তাদের জীবনমানের উন্নয়নে কীভাবে সহায়তা করছে তা দেখতে আমি উদগ্রীব হয়ে আছি।”
মিয়ানমারে নিপীড়নের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর চার লাখের মতো মানুষ কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। এর মধ্যে গতবছর ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে আরও সাত লাখের বেশি রোহিঙ্গা।
