ভাষাসৈনিক ও সাহিত্যিক হালিমা খাতুন আর নেই। মৃত্যুকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষকের বয়স হয়েছিল ৮৬ বছর।
হালিমা খাতুন দীর্ঘদিন হৃদ্রোগ, কিডনি জটিলতা ও রক্তদূষণের মতো শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
হৃদরোগ, কিডনি জটিলতা, রক্তদূষণের মতো নানা জটিলতা নিয়ে ইউনাইটেডে সিসিইউতে ছিলেন হালিমা খাতুন।
সেখানে মঙ্গলবার দুপুর ১টা ৫৬ মিনিটে চিকিৎসকরা তার মৃত্যু ঘোষণা করেন বলে হাসপাতালের কমিউনিকেশন্স ও মার্কেটিং বিভাগের প্রধান শাগুফা আনোয়ার জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, হৃদযন্ত্রে মায়ো-কর্ডিয়াল ইনফেকশনজনিত সমস্যা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন হালিমা খাতুন।
“তিনি মায়লোডিসপ্লাসটিক সিন্ড্রোমে ভুগছিলেন। এটি এক ধরনের ক্যান্সার, যাতে অস্থিমজ্জায় রক্ত কণিকাগুলো পরিণত হয় না, বিধায় অপরিপক্ক অসুস্থ রক্ত কণিকা রক্তে প্রবাহমান থাকে। এই সমস্যার কারণে হালিমা খাতুনের বমি ও মলের সাথে ক্রমাগত রক্ত যাচ্ছিল, পরে তিনি রক্তে ইলেক্ট্রোলাইট মাত্রার ভারসাম্যহীনতায় ভুগছিলেন।”
শাগুফা জানান, হালিমা খাতুন দীর্ঘদিন ধরে খিঁচুনী, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন।
“পরে তার শরীরে মেথিসিলিন-রেজিসট্যান্ট স্টেফিলোকোকাস অরিয়াস (এমআরএসএ) ব্যাকটেরিয়া সংক্রমণ হয়, যাতে কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা। অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও তা আর কাজ করছিল না।”
কাল (বুধবার) সকাল ১১টায় মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে হবে নাগরিক শ্রদ্ধা নিবেদন পর্ব। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। বিকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন হবে।”
উল্লেখ্য, হালিমা খাতুন ১৯৩৩ সালের ২৫ শে অগাস্ট বাগেরহাট জেলার বাদেকাড়াপাড়া গ্রামে জন্ম নেন। তার বাবা মৌলবী আবদুর রহিম শেখ এবং মা দৌলতুন নেসা।
বাদেকাড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়, মনমোহিনী গার্লস স্কুল, বাগেরহাট প্রফুল্ল চন্দ্র কলেজে পাঠ শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ পাস করেন।
১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্দান কলোরাডো থেকে প্রাথমিক শিক্ষা বিষয়ে পিএইচডি করেন তিনি।
১৯৫৩ সালে খুলনা করোনেশন স্কুল এবং আরকে গার্লস কলেজে শিক্ষকতার মধ্যদিয়ে তার কর্মজীবনের সূচনা। কিছুদিন
রাজশাহী গার্লস কলেজে শিক্ষকতার পর যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে। এখান থেকে অধ্যাপক হিসেবে ১৯৯৭ সালে অবসর নেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে হালিমা খাতুন জড়িয়ে পড়েছিলেন ছাত্র রাজনীতিতে; পরে বাংলা ভাষা সংগ্রামেও তিনি জড়িয়ে পড়েন।
