ক্যান্সারে আক্রান্ত সোনালি বেন্দ্রে!




ইরফান খানের পর সোনালি বেন্দ্রের ক্যান্সারের খবর প্রকাশিত হয়েছে। হাই গ্রেড ক্যানসারে আক্রান্ত বলিউড তারকা সোনালি বেন্দ্রে। চিকিৎসার কারণে সোনালিকে নিয়ে নিউ ইয়র্ক উড়ে গিয়েছে তাঁর পরিবার। নিজের টুইটার অ্যাকাউন্টে এই খবর প্রকাশ করেছেন ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী নিজেই।
অপ্রত্যাশিত এই  খবরে কতটা মুষড়ে পডে়ছেন সোনালি, তা নিজের টুইটার হ্যান্ডেলে জানিয়ে লিখেছেন, ‘যখনই খারাপ কিছু  আশা করবে না, তখনই জীবন ঠিক বাঁকা পথে নিয়ে যাবে।’
তিনি জানান, এই অসুখ শরীরে ছড়িয়ে পড়লেও (মেটাস্টেসিস) এত দিন তা টেরই পাননি সোনালি। সম্প্রতি শরীরে কিছু ব্যথা হচ্ছিল। তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন তিনি। তার জেরে কিছু টেস্ট করাতে হয় সোনালিকে। টেস্ট রিপোর্ট হাতে এলে তাতেই ধরা পড়ে তিনি ক্যানসারে আক্রান্ত।
এদিকে ফেসবুক ও টুইটারে নিজেদের দুশ্চিন্তার কথা প্রকাশ করে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন বহু তারকা। করণ জোহর, মনীষ মালহোত্রা, সন্দীপ খোসলা, অর্জুন কপূর, সোনম কপূর সহ অনেকেই পাল্টা টুইট করে তাঁর এই দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
সোনালি বেন্দ্রের প্রথম ছবি ‘আগ’ মুক্তি পায় ১৯৯৪ সালে। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান। এরপর ২০১৩ সাল পর্যন্ত তিনি অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেছেন। তাঁর বেশির ভাগ ছবি ব্যবসাসফল হয়েছে।