মিনিট পঞ্চাশের মত খেলা হয়েছে। ফ্রি কিক থেকে নেইমারের উড়ে আসা বল আলতো করে পিকের ফ্লিক কাইল নাভাসকে বোকা বানিয়ে জালের ঠিকানায় গেলে ৩-২ এ এগিয়ে যায় বার্সেলোনা। ওই ৩-২ এর ফলাফলেই প্রাক-মৌসুম এল ক্লাসিকো জয় করলো কাতালান দলটি।
প্রাক-মৌসুম। দুই কোচের নিজেদের খেলোয়াড়দের পরখ করে নেওয়া। তারপরও উত্তাপ ছড়িয়েছে বার্সা-রিয়াল দ্বৈরথ। আক্রমন প্রতি আক্রমনে খেলা হয়েছে সমান তালে। ফ্লোরিডার মায়ামি গার্ডেনস মাঠে শুরুটা লিওনেল মেসির। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামা রিয়াল মাদ্রিদের জালে প্রথম আঘাত আর্জেন্টাইন ফরোয়ার্ডের। খেলা শুরুর মিনিট তিনেক সময়ে মেসির শট মাদ্রিদ ডিফেন্ডারের গায়ে প্রতিফলিত হয়ে বল জালে জড়ালে ১-০ তে এগিয়ে যায় বার্সেলোনা।
এর ঠিক চার মিনিট পর খেলার সাত মিনিট সময়ে নেইমারের পাস থেকে স্কোরবোর্ড ২-০ করেন ক্রোয়েশিয়ার ইভান রাকিটিচ। ২ গোলে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ মরিয়া হয়ে উঠে। খেলার ১৫ মিনিট সময় কোভেচিচের একক প্রচেষ্টার গোল মাদ্রিদ শিবিরে স্বস্তি আনে। ৩৫ মিনিটে অসাধারণ এক কাউন্টার অ্যাটাক থেকে এসেন্সিও গোল করলে সমতায় ফিরে ইউরোপের সেরা দলটি।
২-২ গোলে সমতায় থেকে দ্বিতীয় অর্ধে যায় দুই দল। দ্বিতীয় অর্ধের শুরুতে ৫০ মিনিটের মাথায় পিকে গোল করলে আবারো এগিয়ে যায় বার্সেলোনা। এরপর খেলা চলে আক্রমন-প্রতি আক্ৰমণে। তবে কোনো দল আর গোল করতে পারে নি। নেইমার-সুয়ারেজরা সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান বাড়তে পারত কিংবা কোভেচিচ-ইস্কোরা সুযোগ গুলো ফলাফল অন্যরকমও হতে পারত।
৬০ মিনিট সময় মেসি-সুয়ারেজ-নেইমারদের উঠিয়ে নেয় কোচ ভালভার্দে। দুই দলের কোচ একে একে মূল একাদশের প্রায় সব খেলোয়াড়দের উঠিয়ে নিয়ে বেঞ্চে থাকা প্লেয়ারদের সুযোগ দিয়ে পরখ করে নীতির চেষ্টা করে। তবে কাজের কাজ কিছু হয়নি। শেষ হাসিটা হাসে বার্সেলোনা।
প্রাক-মৌসুমের তিন ম্যাচের তিনটিতেই হেরেছে রিয়াল মাদ্রিদ। অপরদিকে তিনটি ম্যাচেই জয় পেয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ভালভার্দের বার্সেলোনা। শুরুটা দুর্দান্ত নতুন কোচের।
