একের পর এক মাইলস্টোন গড়ে চলেছে ‘সঞ্জু’। মাত্র দুদিনে ৫০ কোটি রুপির ব্যবসা, তিন দিনে ১০০ কোটি, পাঁচ দিনে ১৫০ কোটির ওপরে, এক সপ্তাহে ২০০ কোটির ব্যবসা করার রেকর্ডও এখন ‘সঞ্জু’-র পকেটে।
তবে প্রশ্ন হলো, যার জীবন নিয়ে এত হইচই, সেই সঞ্জয় দত্ত তার জীবনী বিক্রি করে কত পেলেন?
বর্তমানের বলিউডের অন্যতম একটি ব্যবসা সফল বায়োপিক ‘সঞ্জু’। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে ছবিটি। কাহিনি নিয়ে যতই বিতর্ক হোক, দর্শকের মন জয় করতে পিছপা হয়নি সঞ্জয় দত্তের বায়োপিক। এছাড়া রণবীর কাপুরের দুর্দান্ত অভিনয় দিয়ে শুধু দর্শক মন জয় করেননি। বক্স অফিসও জিতে নিয়েছেন।
কিন্তু এই ছবির জন্য কত টাকা পেয়েছেন সঞ্জয় দত্ত বিষয়ে এখনপর্যন্ত পরিচালক, প্রযোজক বা সঞ্জয় দত্ত এ নিয়ে মুখ খোলেননি।
তবে একটি সূত্র দাবি করেছে, ‘সঞ্জু’ ছবির কাহিনি বিক্রির জন্য সঞ্জয় দত্তের পক্ষে ব্যাপক দরাদরি করা হয়। শেষে ৯-১০ কোটি টাকার মতো অঙ্কে সমঝোতা হয়। এর পরেও বক্স অফিস লাভের একটা অংশ সঞ্জয় দত্তকে দেওয়ার চুক্তি করেন প্রযোজক বিধু বিনোদ চোপড়া।
এমনি আভাস দিয়েছে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন; বলা হয়েছে, এই বায়োপিকের জন্য শুধু বিশাল অঙ্কের টাকাই নয়, সেই সঙ্গে লভ্যাংশও নিচ্ছেন রিয়েল সঞ্জু।
