প্রধানমন্ত্রীর সাহায্যে স্বস্তিতে ঝর্ণা রানীর পরিবার




গত বছরের ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জে শোলাকিয়ায় পুলিশ-জঙ্গি পাল্টাপাল্টি গুলিতে নিহত হয়েছিলেন ঝর্ণা রানী ভৌমিক (৪৪)। শোবার ঘরের ভেতরেই মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। তার স্বামী গৌরাঙ্গ ভৌমিক শহরের একটি বিড়ি ফ্যাক্টরির একজন অল্প বেতনের কর্মী।

অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসরকারি এনআরবি গ্লোবাল ব্যাংকের সহকারী অফিসার পদে ঝর্ণার রানীর ছেলে বাসুদেবকে চাকরি দিয়েছেন তিনি। বাসুদেব তেজগাঁও মহিলা কলেজের খণ্ডকালীন প্রভাষক ছিলেন।

আজ রোববার ঝর্ণার স্বামী ও দুই ছেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর কার্যালয়ে আসেন। প্রধানমন্ত্রী তাঁদের খোঁজখবর নেন ও বাসুদেবের হাতে বেসরকারি এনআরবি গ্লোবাল ব্যাংকের সহকারী অফিসার পদের নিয়োগপত্র তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।