গত বছরের ডিসেম্বরে চালু হয়েছে বাংলাদেশের জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯। চালু হওয়ার পর থেকে এই নাম্বারে এ পর্যন্ত মোট ৩৭ লাখের মতো কল এসেছে। যার মধ্যে ২৪ লাখই অপ্রয়োজনীয় কল, ভুয়া কল বা অনেক ক্ষেত্রে কৌতূহলী হয়ে ফোন করেছেন অনেকে। ১৮ লাখ ফোন কলই ছিল যেখানে কলার কোন কথাই বলেননি। শুধু পুলিশের কণ্ঠ শুনে ফোন কেটে দিয়েছেন। ছয় লাখ ছিল আজে আজে কথাবার্তা। যার ফলে সাহায্য পাচ্ছেন না প্রকৃত বিপদগ্রস্থরা।
এ বিষয়ে অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মোঃ ইকবাল বাহার বলেন, “অনেকেই কল করছে কিন্তু কল রিসিভ হচ্ছে তখন কিছু বলছে না। আর ক্র্যাংক কলকে আমি বলছি অবাঞ্ছিত কল। এই কলটি করে তারা আসলে কোন সাহায্যের বিষয়ে বা প্রয়োজনীয় কোন বিষয়ে কথা বলে না। এমন কলার নাম্বারটি ব্যস্ত রাখে এবং তাতে প্রকৃত অর্থে যার সাহায্য দরকার সে বঞ্চিত হয়।”
পুলিশের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর থেকে দেশব্যাপী এমন কলের মোটে ৩৭ হাজারের ক্ষেত্রে তারা সেবা দিয়েছেন। অর্থাৎ ১৩ লাখের মতো বিশাল সংখ্যক কলার কোন সাহায্য পাননি।
আর বিপদগ্রস্ত বা সংক্ষুব্ধ ব্যক্তি পর্যন্ত পৌছাতে তাদের সময় লেগেছে ৩০ মিনিট। সময়টি জরুরী বিভাগের রেসপন্স টাইম হিসেবে অনেক বেশি। আর ততক্ষণে অনেক কিছু ঘটে যেতে পারে।
ঘটনাস্থলের দূরত্ব, ট্রাফিক জ্যাম এবং গাড়ি ও জনবল সংকটই এর মুল কারণ বলছেন অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মোঃ ইকবাল বাহার।
তিনি বলেন, এই সময় ১০ মিনিটে নামিয়ে আনার চেষ্টা চলছে। এছাড়া বর্তমানে এই কল সেন্টারে ৭০ জন কাজ করেন। তবে এটি বাড়িয়ে ১০০ জন করার চিন্তা চলছে।
এদিকে যারা ঘন ঘন ক্র্যাংক কল বা ব্ল্যাংক কল করছেন তাদের শাস্তি ও জরিমানার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
কিন্তু যে ১৩ লাখ কলার সাহায্য পাননি তার কারণ কি?
এ বিষয়ে এই কর্মকর্তা বলছেন, “সাত লাখ কল এসেছে নানা ধরনের প্রশ্ন নিয়ে যারা মূলত মোবাইল অপারেটরদের সম্পর্কে তথ্য চেয়েছেন যা আমাদের জানা নেই। আমাদের কাছে সবাই সেবা পেয়েছে। সবার কল আমরা ধরেছি”
কেউ সহায়তা পাননি সেটি মানতে রাজি নন তিনি।
৯৯৯ এ ভুয়া কল; সাহায্য পাচ্ছেন না প্রকৃত বিপদগ্রস্থরা

