এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার ও ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫।
১০টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। গতবার গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ।
এবছর ১০ বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন। পাস করেছেন ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন।
এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন। গতবার পেয়েছিলেন ৩৭ হাজার ৯৬৯ জন।
অর্থাৎ গতবারের চেয়ে এবার জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৭০৭ জন।
কমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও । এবার ৪০০ প্রতিষ্ঠান থেকে সবাই পাস করেছেন। গতবার এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৩২। তবে কেউ পাস করেনি—এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। গতবার ৭২টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। এবার এমন প্রতিষ্ঠান ৫৫টি।
আলাদাভাবে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষাতেও পাসের হার ও জিপিএ-৫ কমেছে। শুধু এইচএসসিতে পাসের হার ৬৪ দশমিক ৫৫ শতাংশ। গতবার ছিল ৬৬ দশমিক ৮৪ শতাংশ। অর্থাৎ কমেছে ২ দশমিক ২৯ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ২৫ হাজার ৫৬২ জন। গতবার পেয়েছিলেন ৩৩ হাজার ২৪২ জন। কমেছে ৭ হাজার ৬৮০ জন। আট বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৭২ হাজার ২৮ জন। পাস করছেন ৬ লাখ ৯১ হাজার ৯৫৮ জন।
উল্লেখ্য, গত ২ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় পরীক্ষা চলে গত ১৩ মে পর্যন্ত। আর ১৪ থেকে ২৩ মের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র ও ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী।
কমেছে জিপিএ-৫ ও পাসের হার

