কেন কমলো পাসের হার



কেন কমলো পাসের হার

গত তিন বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায়  জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। একই সাথে উল্লেখযোগ্যভাবে কমেছে পাসের হারও।
গত বছরের তুলনায় এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার প্রায় আড়াই শতাংশ কমে গেছে। আর জিপিএ-ফাইভ পাওয়ার হারও কমে গেছে প্রায় নয় হাজার। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৯ হাজারের একটু বেশি কিন্তু গত বছর তা ছিল প্রায় ৩৮ হাজার।
গত অন্তত তিন বছর ধরে পাসের হারও জিপিএর ক্ষেত্রে একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে।
স্বভাবতই প্রশ্ন উঠেছে পাসের হার এমনভাবে হ্রাসের কারণ কী?
‘ঘন ঘন পরীক্ষা পদ্ধতি পরিবর্তন’ করাকে দায়ি করছেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক সিলেটের শমসের নগরের এক শিক্ষার্থী বলছেন, “আমাদের শিক্ষা ব্যবস্থা একেক বছর এক এক রকম প্যাটার্ন নিয়ে আসে। এবছর আমাদের শুরুতে বলা হল সারা বাংলাদেশ একই কোয়েশ্চেনে সবাইকে পরীক্ষা দিতে হবে। টিচাররাও আমাদের নার্ভাস করে দিয়েছিলো। এসব কিন্তু রেজাল্ট এফেক্ট করে”।
এদিকে বরিশালের রাজাপুর কলেজের সহকারী অধ্যাপক ডঃ কামরুন্নেসা আজাদ বলছেন, “ছেলেমেয়েরা মূল বই না পড়ে না। যার কারণে বিষয় সম্পর্কে সে পুরোপুরি ওয়াকিবহাল হতে পারেনা। মূল বই যে ছেলেমেয়ে পড়বে, সে কক্ষনো খারাপ করতে পারে না। সে এমসিকিউ বলেন আর সৃজনশীল বলেন। অবশ্যই আমি সহযোগী বইয়ের সাহায্য নেবো কিন্তু মূল বইটা টার্গেট থাকতে হবে, শিক্ষকের বেলায়ও তাই।”
আর মোবাইল ফোন ও ডিজিটাল যুগের সাথে হাতে লেখার পদ্ধতি দিয়ে পরীক্ষা এই দুটিতে সামঞ্জস্যের ঘাটতি দেখছেন এই শিক্ষক।
তিনি উদাহরণ দিয়ে বলছেন, “আধুনিক এই যুগে ছেলেমেয়েরা লেখে কম। ধরুন একটি রুটিন টাঙানো হল তারা মোবাইল দিয়ে ছবি তোলে। কেউ লেখে না। ধরুন সাতটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়। আর প্রত্যেকটির জন্য সময় মোটে বিশ মিনিট করে। তারা কুলাতে পারেনা।”
কিন্তু পাসের হার বিষয়টি বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ কেন? নানা সময়ে সেই প্রশ্ন উল্টো তুলেছেন অনেকে।
শিক্ষা গবেষক অধ্যাপক সিদ্দিকুর রহমান বলছেন, বাংলাদেশে নানা সময়ে লিবারেল মার্কিং বা লিখলেই নাম্বার দেওয়ার প্রবণতা বলে একটি বিষয় সম্পর্কে শোনা গেছে।
সেই কারণেও পাশের হার বেশি থাকতো বলে তিনি মনে করেন। তার মতে, সেটিই বরং দেশের ক্ষতি করেছে।
তিনি বলছেন, “তখন হয়ত লিবারেল মার্কিং বা লিখলেই নম্বর দেয়ার একটা প্রবণতা ছিল। এভাবে অনেকেই ভাল ফল করেছে। এইটাই ছিল আমাদের শঙ্কার কারণ। যোগ্যতা ছাড়াও অনেকে ভাল ফল করেছে। তারা জাতির অ্যাসেট না হয়ে বরং বার্ডেন হয়ে যায়।”
তিনি বলছেন, “হতে পারে হয়ত বেশি পাস দেখালে, শিক্ষা মন্ত্রণালয় হয়ত দেখাতে পারে যে দেশে শিক্ষার মান বেড়ে যাচ্ছে। কিন্তু বেশি জিপিএ পাওয়া মানেই যোগ্যতা নয়।”
অধ্যাপক রহমান বলছেন, “এখন হয়ত আমরা আসল চিত্রটি পেতে শুরু করেছি। গত তিন বছরে আমরা এই ট্রেন্ড থেকে কিছুটা সরে আসছি। আমি মনে করে আমরা সত্যের দিকে যাচ্ছি। আর এতে শঙ্কার কিছু নেই।”