জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের থেকে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার বেলা ১১টার দিকে সংলাপ শুরু হয়েছে।
এ সংলাপে আমন্ত্রিত ৫৯ জন প্রতিনিধির মধ্যে প্রায় অর্ধেকই অনুপস্থিত। ২৫ জনের পরিচিতি পর্ব দিয়ে এ সভার শুরু হয়। পরে আরও অন্তত পাঁচজন সভায় যোগ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে সুশীল সমাজের প্রতিনিধি অজয় রায়, সৈয়দ আনোয়ার হোসেন, এম হাফিজউদ্দিন আহমেদ, রাশেদা কে চৌধুরী, দেবপ্রিয় ভট্টাচার্য, হোসেন জিল্লুর রহমান, আসিফ নজরুল, ইফতেখারুজ্জামান, সঞ্জীব দ্রং, প্রমুখ অংশ নিয়েছেন।
ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান রবিবারই বলেছিলেন, আমন্ত্রিত ৫৯ নাগরিকের মধ্যে ৪০ জনের মত উপস্থিত থাকতে পারেন।
আর ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, ‘এ মতবিনিময় সভায় মূলত উনাদের কাছ বক্তব্য শুনব আমরা। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সময় রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকে বক্তব্য রাখবেন সময় দেওয়া হবে।’
আলোচনার শুরুতে সিইসি কে এম নূরুল হুদা স্বাগত বক্তব্য দেন। চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ আলোচনায় উপস্থিত রয়েছেন। সঞ্চালনা করছেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
২০১৯ সালের ২৮ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে গত ১৬ জুলাই দেড় বছরের কর্মপরিকল্পনা প্রকাশ করে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
২০১৯ সালের ২৮ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে গত ১৬ জুলাই দেড় বছরের কর্মপরিকল্পনা প্রকাশ করে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে রাজনৈতিক দল, নির্বাচন পরিচালনা বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধি, পর্যবেক্ষক ও নারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ইসির এই মতবিনিময়। সোমবারের বৈঠকের কার্যপত্রে দেখা যায়, কর্মপরিকল্পনার সাতটি বিষয় বিষয় ছাড়াও প্রাসঙ্গিক অন্য বিষয়েও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত শুনতে চেয়েছে ইসি।
আলোচ্য বিষয়
বিদ্যমান ইংরেজি আইন কাঠামো বিশেষ করে ‘দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ এবং দ্য ডিলিমিটেশন অব কনস্টিটিউয়েন্সিস অর্ডিন্যান্স, ১৯৭৬’ যুগোপযোগী করে বাংলা ভাষায় প্রণয়ন।
বিগত নির্বাচনসমূহের অভিজ্ঞতার ভিত্তিতে অবৈধ অর্থ এবং পেশী শক্তির ব্যবহার রোধে আইনি কাঠামো সংস্কার সংক্রান্ত প্রস্তাবনা
সংসদীয় এলাকার সীমানা নির্ধারণে জনসংখ্যার পাশাপাশি ভোটার সংখ্যা, সংসদীয় এলাকার আয়তন, প্রশাসনিক অখণ্ডতা এবং যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে ডিজিটাল টেকনোলজি ব্যবহারের মাধ্যমে সীমানা নির্ধারণ
নির্বাচন প্রক্রিয়া যুগোপযোগী ও সহজীকরনের বিষয়ে আইনি কাঠামো ও প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কার। প্রবাসী ভোটারদের ভোট দান নিশ্চিত করার বিষয়ে একটি আইন কাঠামোসহ প্রক্রিয়া প্রণয়নের জন্য প্রস্তাবনা।
কর্ম পরিকল্পনায় বর্ণিত অন্যান্য কাঠামোকে যুগোপযোগী করা
নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন ও বিতরণ নিশ্চিত করার জন্য পরামর্শ
ভোট কেন্দ্র স্থাপন সংক্রান্ত কার্যক্রম যুগোপযোগী করার জন্য পরামর্শ
নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষা সংক্রান্ত প্রস্তাব
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মপরিকল্পনার অতিরিক্ত কোনো প্রস্তাব থাকলে সে বিষয়ে আলোচনা।
