দীর্ঘদিন ধরে সুইস ব্যাংকের ৯৬ হাজার কোটি টাকা নিয়ে বিতর্কিত মুসা বিন শমসেরের বিরুদ্ধে এবার মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মামলায় তার বিরুদ্ধে ২ কোটি ১৭ লাখ টাকা শুল্ক ফাঁকি দিয়ে বেনামে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে একটি রেঞ্জ রোভার গাড়ি ব্যবহার করার অভিযোগ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা বিভাগই এ মামলার তদন্ত করবে জানিয়ে সংস্থাটির মহাপরিচালক মঈনুল খান জানান, সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মো. জাকির হোসেন বাদী হয়ে সোমবার সকালে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
জানা গেছে, ‘কারনেট ডি প্যাসেজ’ সুবিধায় জনৈক ফারুক উজ-জামান চৌধুরীর নামে নিবন্ধিত ওই রেঞ্জ রোভার গাড়ি গত ২১ মার্চ মুসার ছেলের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। তারপর মুসাকে কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। ভোলা বিআরটিএর কয়েকজন কর্মকর্তার যোগসাজসে ভুয়া কাগজ দিয়ে ওই গাড়ি রেজিস্ট্রেশন এবং বেনামে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা ওই সময়ই জানিয়েছিল শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
মঈনুল খান বলেন, মুসা বিন শমসের ১৭ লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে ভুয়া বিল অব এন্ট্রি প্রদর্শন করে গাড়িটি বেনামে রেজিস্ট্রেশন করেন। কিন্ত শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে দেখা যায়, ওই গাড়িতে ২ কোটি ১৭ লাখ টাকার শুল্ক প্রযোজ্য।
