ঝুলছিল ২৬ হজ্জযাত্রীর প্রাণ




রাজধানীতে লক্কড়ঝক্কড় এই মিনিবাসের দৌড়ত্ব যেন শেষ ই হচ্ছে না। নানা দুর্ঘটনায়ও টনক নড়ছে না যথাযথ কতৃপক্ষের। এই ফিটনেস বিহীন বাসের কারণেই আজ প্রাণ যাচ্ছিল ২৬ জন হজ্জযাত্রীর।
আজ সোমবার দুপুর ১২টার দিকে আনন্দ সুপার নামে একটি বাস রাজধানীর আশকোনা হজ্জ ক্যাম্প থেকে ২৬ জন যাত্রী নিয়ে রওনা দেয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। এসময় বাসটি বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে যাওয়ার পথে ড্রাইভওয়েতে ওঠার সময় বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ড্রাইভওয়ের পাশে রেলিং ভেঙে ঝুলতে থাকে বাসটি। আরেকটু হলেই অন্তত ১২ ফুট নিচে পড়ে যেত বাসটি। ঝুলন্ত অবস্থায়ই হজ্জ যাত্রীরা বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান।
এর প্রায় এক ঘণ্টা পর বিমানবাহিনীর রেকারের সাহায্যে বাসটি উদ্ধার করে। পরে বাসটিকে বিমানবন্দর থানায় পাঠানো হয়। এ ঘটনায় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
এদিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল করিম। তার ভাষ্যমতে, ‘প্রায় ২৬ জন হজ্জযাত্রীর আজ দুপুরে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে জেদ্দা যাওয়ার কথা ছিল। তামান্না পার্ক নামের একটি হজ্জ এজেন্সি হজ্জযাত্রী বহনের জন্য বাসটি ভাড়া করে। বাসটি অনেক পুরোনো। কলকবজা নড়বড়ে। বিমানবন্দরের ড্রাইভওয়ে ঢালু পথ দিয়ে ওঠার ক্ষমতাও বাসটির ছিল না। এটি রেলিংয়ে ঝুলে ছিল। এ সময় হজ্জযাত্রীরা বাস থেকে নিরাপদে নেমে যেতে সক্ষম হন।’
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, বাসটির যান্ত্রিক কোনো সমস্যা ছিল কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। বাসচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।