নেইমারের দল পরিবর্তন করাটা বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনাম। আলোচনাটা ভিন্ন মোড় নিয়েছে এবার। ধারণা করা হচ্ছে নেইমারকে নিয়েই নিচ্ছে পিএসজি আর তার পরিবর্তে ডি মারিয়াকে দিতেও প্রস্তুত ফ্রান্সের শীর্ষ এ ক্লাবটি।
সম্প্রতি অনুষ্ঠিত প্রাক-মৌসুম এল ক্লাসিকো জিতলো বার্সেলোনা। প্রথমবারের মত ইন্টারন্যাশনাল কাপ চ্যাম্পিয়ন হলো কাতলান এ ক্লাবটি। যার গুরুত্বপূর্ণ অবদান নেইমারের। জুভেন্টাসের সাথে জোড়া গোল, ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে এক গোল করে ম্যাচ জিতিয়েছেন। গোল করানোর ক্ষেত্রেও অবদান রেখেছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে আর ন্যু ক্যাম্পে ফেরেননি তিনি। নিজের জেট বিমানে করে পাড়ি দিয়েছেন চীনে।
এ বিষয়ে ব্রাজিলের পত্রপত্রিকাগুলো লিখেছে, নেইমার এরপর কাতারের দোহায় যাবেন। সেখানে পিএসজির কাতারি মালিকের সঙ্গে কথা বলবেন সরাসরি। সেখানেই চুক্তিটা হয়ে যেতে পারে। তবে কাতারের রাজধানীতে তাঁর সফরের মূল উদ্দেশ্য ২০২২ কাতার বিশ্বকাপের প্রচারণার জন্য পাঁচ বছরের চুক্তি করা। সেই বিশ্বকাপের সবচেয়ে বড় তারকা নেইমার হবেন, সেটা বুঝেই পাঁচ বছরের জন্য ২৭০ মিলিয়ন ইউরো দিতে তৈরি কাতার। সুতরাং বোঝাই যাচ্ছে, ২২২ মিলিয়ন ইউরোও তাদের কাছে কিছু নয়। সমস্যা শুধু উয়েফার ফেয়ার প্লে নীতি। সেটার নীতিমালা ঠিক রেখে কীভাবে বদলিটা সম্পন্ন করা যায়, সেই পথই নাকি তারা খুঁজছে।
উয়েফার ফেয়ার প্লে নীতিতে পিএসজি চাইলেও ইচ্ছেমতো খরচ করতে পারবে না পিএসজির কাতারি মালিক। এ কারণেই নির্দিষ্ট অঙ্কের টাকা আর সঙ্গে অ্যাঙ্গেল ডি মারিয়াকেও দিতে প্রস্তুত ফ্রান্সের ক্লাবটি। কিন্তু বার্সা এত সহজে হার মানতে রাজি নয়। এই ট্রান্সফারকে কঠিন করতে সবরকম চেষ্টা করতে প্রস্তুত তারা। এর মধ্যেই উয়েফাকে এই ট্রান্সফার নিয়ে তদন্ত করে দেখার আহ্বানও জানিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ।
এদিকে বার্সার রাডারে সবার উপরে আছে আর্জেন্টিনার দিবালার নাম। কিন্তু জুভেন্তাস এত সহজে ছাড়বে বলে মনে হয় না। কিন্তু ২২২ মিলিয়ন ইউরো পেলে বার্সেলোনাও দু’হাত ভরে খরচ করতে পারবে। সেক্ষেত্রে নেইমারের বিকল্প কে হতে পারে সেটাই সবচেয়ে বড় আলোচনার বিষয়।
সূত্র : ইএসপিএন
