আলো ফিরবে অস্ট্রেলিয়ার ক্রিকেটে




অবশেষে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স এসোসিয়েশনের (এসিএ) মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা দ্বন্দ্বের অবসান হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলো। অর্থিক কাঠামো নিয়ে  অসহায় অবস্থা সর্বোচ্চ বিশ্বকাপজয়ী দলটির। তবে খুব দ্রুতই সব সমস্যাগুলো দূর করে অস্ট্রেলিয়ায় ক্রিকেট ফিরিয়ে আনা হবে বলে মনে করে সে দেশের শীর্ষ সংবাদমাধ্যমগুলো।

এ ব্যাপারে তারা জানায়, চুক্তি হয়ত আজকের মধ্যেই হয়ে যাবে। কিন্তু তা নিয়ে মন্তব্য করে নারাজ ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র। তিনি বলেন,  ‘এসিএর সঙ্গে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। তবে আলোচনার খুঁটিনাটি নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। মন্তব্য করব না সংবাদমাধ্যমের জল্পনা-কল্পনা নিয়েও।’

গতকাল (সোমবার) সন্ধ্যায় নিউজ কর্প অস্ট্রেলিয়া জানায়, যেসব মূল বিষয় নিয়ে মতপার্থক্য ছিল তাতে ঐকমত্যে পৌঁছেছে বোর্ড ও ক্রিকেটারদের সংগঠন। তবে সিএ ও এসিএ দুই পক্ষই বলছে, আজই চুক্তি হবে এমনটা বলার সময় এখনো আসেনি। মেলবোর্নে গতকাল প্রায় সারা দিন আলোচনা করেছে দুই পক্ষ। এর আগের দিন (রোববার) আলোচনা শেষ হতে হতে মাঝরাত পেরিয়ে যায়।

এর আগে গত বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছিলেন, এই সপ্তাহের মধ্যে সমঝোতা না হলে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর সাহায্য চাইবে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই মধ্যস্থতাকারী যেকোনো সিদ্ধান্তই মেনে নেবে বলেও জানিয়েছেন তিনি।

চুক্তি হয়ে গেলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদেরও মনে খুশির হাওয়া লাগবে। দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ক্রিকেট ফিরবে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশ সফরকে সামনে রেখে ১০ আগস্ট থেকে অনুশীলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে এসিএ। তবে চুক্তি না হলে ১৮ই আগস্ট উড়াল দিবে না টিম অস্ট্রেলিয়া। এর আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে তারা।

উল্লেখ্য, বাংলাদেশ সফরে এক প্রস্তুতি ম্যাচসহ দুই টেস্ট খেলার কথা আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।