গত সপ্তাহে সুপ্রিম কোর্টের রায়ে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করার পর আজ মঙ্গলবার জাতীয় পরিষদে শহীদ খাকান আব্বাসিকে অষ্টাদশ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছ।
পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা যায়, জাতীয় পরিষদে ৩৩৯ ভোটের মধ্যে ২৩১ ভোট পান আব্বাসি। তাঁর প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নাভিদ কমর ৪৭ এবং পিটিআই প্রার্থী শেখ রশীদ ৩৩ ভোট পান।
মূলত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন আব্বাসি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে জাতীয় পরিষদে নির্বাচিত হওয়ার প্রক্রিয়া শেষ করার ৪৫ দিনের সময়টাতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালে পানামা পেপার্স ফাঁস হওয়ার পর নওয়াজ এবং তাঁর পরিবারের সদস্যদের নামে বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তি থাকার তথ্য সামনে আসে। দেশে-বিদেশ তাঁর ও পরিবারের নামে বিপুল পরিমাণ সম্পত্তি যে রয়েছে, তা নওয়াজ অস্বীকার করেননি। তিনি জানান, ওই সম্পত্তি তিনি তাঁর পারিবারিক ব্যবসার সূত্রে অর্জন করেছেন। কিন্তু বিরোধী শিবির নওয়াজের এই ব্যাখ্যা মানতে রাজি হয়নি। তাঁকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয় বিরোধীরা।
চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের সর্বোচ্চ আদালত জানিয়েছিল, নওয়াজকে বরখাস্ত করা হবে না। তাঁর বিরুদ্ধে ‘যথেষ্ট প্রমাণ’ মেলেনি বলে আদালত সে সময় জানিয়েছিল। কিন্তু অভিযোগ খতিয়ে দেখা দরকার বলে সুপ্রিম কোর্ট মেনে নিয়েছিল এবং তদন্তকারী দল গঠন করে অভিযোগের সারবত্তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল। সেই তদন্তকারী দল সুপ্রিম কোর্টে নিজেদের রিপোর্ট জমা দিয়েছে। শরিফ পরিবারের যা উপার্জন, তার সঙ্গে তাঁদের সম্পত্তির পরিমাণ এবং জীবনযাত্রার মান সঙ্গতিপূর্ণ নয় বলে তদন্তকারী দল আদালতকে জানিয়েছে।
এই রিপোর্টের ভিত্তিতেই নওয়াজের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তিতে রায়ে নওয়াজকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করলে পদত্যগ করেন নওয়াজ। তবে সুপ্রিম কোর্টের রায় নিয়ে নওয়াজের অনেক প্রশ্ন রয়েছে বলে তাঁর ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছে।
