ইন্টারন্যাশনাল কাপ খেলে মায়ামি থেকে নিজের জেট বিমানে সোজা চীনের পথে। সেখান থেকে কাতারে যাবেন নেইমার, এরপর সেখানেই স্বাস্থ্য পরীক্ষা করে নিবেন পিএসজি’র কাতারি মালিকের সাথে চুক্তির আনুষ্ঠানিকতার পর – এমনটিই জানিয়েছিলেন কাতারি পত্রিকা আল ওয়াতান। কিন্তু ঠিক একদিন পরেই তাতে নতুন মাত্রা যোগ করে গোল ডট কম। তাদের মতে, চীন থেকে সোজা বার্সায় আসছে ব্রাজিলের সুপারস্টার।
একদিন আগে কাতারের পত্রিকাটি দাবি করে মঙ্গলবার কাতারেই হবে নেইমারের স্বাস্থ্য পরীক্ষা। পিএসজির মালিক নাসের আল খেলাফির সঙ্গে আলোচনা সম্পন্ন করার কথাও নাকি আছে নেইমারের। কিন্তু গোলডটকম নিশ্চিত করেছে মঙ্গলবার কাতারে হচ্ছে না নেইমারের স্বাস্থ্য পরীক্ষা। সরাসরি বার্সার বিমানবন্দরেই নামবে তাকে বহনকারী বিমান। যোগ দেবেন বুধবারের বার্সার নিয়মিত অনুশীলনেও।
তাতে হয়ত নতুন করে ভাবতে হচ্ছে ইতিহাসের রেকর্ড পরিমাণ ট্রান্সফার নিয়ে। পিএসজির ২২২ মিলিয়ন ইউরোর প্রজেক্টের বোধহয় এখানেই শেষ। কিন্তু দলবদলের সুযোগ এখনো শেষ হয়ে যায় নি। নেইমারের মনে কি ভাবনা আছে তা এখনো বলা যাচ্ছে না। নেইমার কিছুতেই মুখ খুলছেন না তার ভাবনা-চিন্তা নিয়ে। তবে এখনই হচ্ছে না ব্রাজিলের সেনসেশন নেইমারের দলবদল। শেষ খবর জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে।
