বলিউডে বর্তমানে সবচেয়ে সম্ভাবনাময়ী অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় আলিয়া ভাটকে। বিভিন্ন সিনেমায় নিজের মেধার পরিচয় দিয়েছেন তিনি। কখনো বিহারি শ্রমিক, কখনো অপহৃত মেয়ে, আবার কখনো কলেজের সবচেয়ে সুন্দরি জনপ্রিয় ছাত্রী’র চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। এবারও নতুন রূপে আসছেন আলিয়া।
জানা গেছে, আগামী বছর ১১ মে মুক্তির দিন স্থির হয়েছে পরিচালক মেঘনা গুলজারের পরবর্তী ছবি ‘রাজি’র। মঙ্গলবার এ কথা টুইট করে জানিয়েছেন করণ জোহর। পরে ছবির মুখ্য ভূমিকায় থাকা আলিয়া ভাটও টুইট করে ‘রাজি’র মুক্তির দিন ঘোষণা করেন।
মেঘনা গুলজারের এই ছবির প্রেক্ষাপট ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধ। বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধকে প্রেক্ষাপটে রেখে ছবির চিত্রনাট্য এগিয়েছে। এই মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভারত। ছবিতে এক সাহসী ভারতীয় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে।
জানা গিয়েছে, ছবিতে এক কাশ্মীরী মেয়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। পরে যার সঙ্গে পাকিস্তানের এক সেনা অফিসারের (ভিকি কৌশল) বিয়ে হয়। এর পরই মুক্তিযুদ্ধে ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অবতীর্ণ হবেন আলিয়া।
