অতীতে অনেক বার নারীদের নিয়ে বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের একসময়ের ক্রিকেট তারকা ইমরান খান। কিন্তু ক্রিকেট বা রাজনীতির জীবনে এ ধরনের অভিযোগ কখনও ওঠেনি। এবার ইমরানের বিরুদ্ধে ‘অশালীন’ মেসেজ পাঠানোর বিস্ফোরক অভিযোগ আনলেন তাঁর পার্টিরই এক নেত্রী আয়েশা গুলালাই। এই অভিযোগ তুলে দল ছেড়েছেন তিনি।
ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেত্রী এবং পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য আয়েশা গুলালাই-এর অভিযোগ, ইমরান নিয়মিত তাঁকে অশালীন মেসেজ পাঠান। শুধু তাই নয়, ইমরানের দলে মহিলাদের কোনও সম্মান দেওয়া হয় না বলেও অভিযোগ তুলেছেন আয়েশা।
আয়েশা বলেছেন, ‘২০১৩-র অক্টোবর থেকে নানা ধরনের অশালীন মেসেজ পাঠিয়ে চলেছেন ইমরান। মেসেজে যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, তা বেশ আপত্তিকর। কোনও মহিলা, যাঁর সামান্য হলেও আত্মসম্মান বোধ রয়েছে, তিনি এই দলে থাকতে পারেন না’।
গুলালাই অভিযোগ করে আরও বলেন, পার্টির অন্যান্য নেত্রীদেরকেও ইমরান অশালীন এসএমএস পাঠান। মেসেজগুলো পড়ে শোনাতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, ‘এগুলো এতই অশোভন যে তা কারও পক্ষেই সহ্য করার মত নয়।’
অবশ্য এখনো স্বয়ং ইমরাম খানের এ নিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে তাঁর দলের প্রবীণ মেত্রী শিরিন মাজারি, আয়েশার আনা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
তাঁর পাল্টা দাবি, আয়েশা বহু দিন ধরেই নওয়াজ শরিফের শাসকদল পিএমএল (এন)-এ যোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। ইমরানকে হেনস্থা করার জন্যেই এ ধরনের ভিত্তিহীন অভিযোগ এনেছেন। একই সঙ্গে শিরিনের দাবি, ইমরানের দলে মহিলাদের যথাযথ সম্মান দেওয়া হয়। তাই ভিত্তিহীন এই অভিযোগ খতিয়ে দেখার জন্যে কোনও দলীয় তদন্তেরও প্রয়োজন নেই।
