জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ করে, এমন কোম্পানিতে অর্থের জোগান দিয়ে শীর্ষস্থানীয় ব্যাংকগুলো জলবায়ু পরিবর্তনকে আরো প্রভাবিত করছে। এ ধারা অব্যাহত থাকলে বৈশ্বিক উষ্ণতা প্যারিস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে নেয়া লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যাবে।
সম্প্রতি প্রকাশিত ‘ব্যাংকিং অন ক্লাইমেট চেঞ্জ: ফসিল ফুয়েল ফিন্যান্স কার্ড ২০১৭’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছরে ৩৭টি আন্তর্জাতিক মানের ব্যাংক মোট ১৫৮টি কোম্পানিকে ২৯ হাজার কোটি ডলার দিয়েছে। ব্যাংক থেকে নেয়া অর্থ ‘এক্সট্রিম ফসিল ফুয়েল’ কার্যক্রমে ব্যয় করেছে কোম্পানিগুলো। উল্লেখ্য, ভূগর্ভ বা সমুদ্রতল থেকে ফ্রাকিংয়ের মাধ্যমে উত্তোলিত জীবাশ্ম জ্বালানিকে এক্সট্রিম ফসিল ফুয়েল বলা হয়।
সবচেয়ে বেশি কার্বন নিঃসরণপ্রবণ, আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ ও পরিবেশের জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির এমন খাতে অর্থায়নের চর্চা এবং নীতিমালা রয়েছে কিনা, সে অনুযায়ী ব্যাংকগুলোর একটি তালিকা রয়েছে প্রতিবেদনটিতে। প্রসঙ্গত, রেইনফরেস্ট অ্যাকশন নেটওয়ার্ক, ব্যাংকট্রাক, সিয়েরা ক্লাব ও অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল আরো ২৮টি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ সালে এক্সট্রিম ফসিল ফুয়েল উত্তোলন কার্যক্রমের জন্য বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক মোট ৯ হাজার ২০০ কোটি ডলার সরবরাহ করেছে। পরের বছর অর্থায়নের এ অংক বেড়ে ১১ হাজার ১০০ কোটি ডলারে পৌঁছে। অবশ্য গত বছর জীবাশ্ম জ্বালানিতে ব্যাংকগুলোর অর্থায়ন কিছু কমে ৮ হাজার ৭০০ কোটি ডলারে দাঁড়ায়। ২০১৬ সালে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন ২২ শতাংশ কমলেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গত তিন বছরে এক্সট্রিম জীবাশ্ম জ্বালানি খাতে মোট ২৯ হাজার কোটি ডলার সরবরাহ করেছে ব্যাংকগুলো। জীবাশ্ম জ্বালানিতে এভাবে অর্থায়ন হলে জলবায়ু পরিবর্তন মোকাবেলার লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হয়ে উঠবে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক্সট্রিম ফসিল ফুয়েল কার্যক্রমে যুক্ত থাকা প্রকল্প ও কোম্পানি থেকে দূরে থাকার চাপ রয়েছে ব্যাংকগুলোর ওপর। আর এ কারণেই সম্প্রতি এসব কার্যক্রমে অর্থায়নে ভাটা লক্ষ করা গেছে। অবশ্য ব্যাংকগুলোর অর্থায়ন কমে যাওয়ার আরো কিছু কারণ রয়েছে। পরিবেশবান্ধব প্রযুক্তিগুলো সহজলভ্য হয়ে ওঠার পাশাপাশি বাজারে এসব পণ্যের সরবরাহ বৃদ্ধি পাওয়াতেও জীবাশ্ম জ্বালানিতে ব্যাংকগুলোর অর্থায়ন কমেছে। বিশ্বের অনেক দেশেই এখন সৌরবিদ্যুৎ ও বায়ুকল কম খরচে বিদ্যুৎ পাওয়ার অন্যতম উত্স হয়ে উঠেছে। সোলার প্যানেলের সুবাদে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে উদীয়মান দেশগুলো এখন উন্নত দেশগুলোকেও ছাড়িয়ে যাচ্ছে।
তবে ব্যাংকগুলোর অর্থায়ন হ্রাস হলেও প্রতিবেদনে উল্লেখিত ৩৭টি ব্যাংকের মধ্যে ১২টি এক্সট্রিম জীবাশ্ম জ্বালানির শীর্ষস্থানীয় কোম্পানিগুলোয় অর্থায়ন আরো বাড়িয়েছে; এমনকি প্যারিস জলবায়ু সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা হ্রাসে উষ্ণতার নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করার পরও ব্যাংকগুলো এ অর্থায়ন বন্ধ করেনি। অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ (এএনজেড), ব্যাংক অব আমেরিকা, ব্যাংক অব মন্ট্রিল, বার্কলেস, জেপি মরগান চেজ, মিঝহু ফিন্যান্সিয়াল গ্রুপ, সানতান্তার গ্রুপ রয়েছে এ ব্যাংকগুলোর তালিকায়।
রেইনফরেস্ট অ্যাকশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক লিন্ডসে অ্যালান বলেন, “এক্সট্রিম ফুয়েল খাতে ওয়ালস্ট্রিটের মধ্যে সবচেয়ে বড় তহবিল জোগানদাতা জেপি মরগান চেজ। শুধু গত বছরই জেপি মরগান এক্সট্রিম ফুয়েল কার্যক্রমে যুক্ত কোম্পানিতে ৬৯০ কোটি ডলার অর্থায়ন করেছে। অথচ প্যারিস জলবায়ু চুক্তিতে এ প্রতিষ্ঠানেরও সায় রয়েছে।”
তবে নির্মাণ খাতগুলোয় কয়লার ব্যবহার কমে যাওয়ায় জলবায়ু উষ্ণতা হ্রাসের লক্ষ্যমাত্রা পূরণে কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছে। প্রসঙ্গত, প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার লক্ষ্য নেয়া হয়েছে। কয়লার ব্যবহার হ্রাসের পেছনে মূলত চীন সরকারের গৃহীত নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ ও ভারতের নীতিমালায় রাতারাতি পরিবর্তন ইতিবাচক প্রভাব ফেলেছে। গ্লোবাল কোল প্লান্ট ট্রাকারের মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে।