বিশ্বের সবচেয়ে বৃহৎ প্রতিযোগিতা হিসেবে খ্যাত অলিম্পিকে ১৯০০ সালে শেষবারের মত ক্রিকেট অনুষ্ঠিত হয়। তবে এবার নতুন করে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির চিন্তায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি ফরমেটকে বিশ্বের সব থেকে বড় ক্রীড়া প্রতিযোগিতায় যুক্ত করতে চায় তারা।
আগামী ২০২৪ অলিম্পিকের আসর বসবে প্যারিসে। সেই আসরকে সামনে রেখে ক্রিকেট নিয়ে পরিকল্পনা আইসিসির। তবে সেই পরিকল্পনার অংশ হচ্ছে না ভারত। অলিম্পিকে ক্রিকেট যুক্ত করার কোনো আগ্রহই নাকি নেই ক্রিকেটের অন্যতম প্রভাবশালী দলটির।
এ বিষয়ে বিসিসিআই এর এক উচ্চপদস্থ কর্মকর্তা দ্য টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আমরা আইসিসির তৎপরতার কথা শুনেছি। কিন্তু আমাদের বেশিরভাগ সদস্যই এ ব্যাপারে আগ্রহী নন।’
তবে ২০২৪ সালের অলিম্পিক আয়োজক শহর প্যারিস ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার দাবির প্রতি সমর্থন জানিয়েছিল। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নও করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ফ্রান্সের অলিম্পিক কমিটি। কিন্তু শেষপর্যন্ত আইসিসি সেই প্রস্তাব আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে তুলতে পারবে কি না, তা নিয়েই জেগেছে সংশয়। ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্তির আবেদন জানাতে গেলে প্রথমেই আইসিসির দরকার প্রায় সব বড় দেশের সম্মতি। ফলে ভারতের সম্মতি ছাড়া অলিম্পিক কমিটির কাছে আবেদনই জানাতে পারবে না আইসিসি।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে ২০২৪ সালের অলিম্পিক ভেন্যু ও নতুন খেলা অন্তর্ভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
