ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে আর্থিক বিষয় নিয়ে বিরোধ মিটে গেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সিরিজ নিয়েও আর কোনো অনিশ্চয়তা থাকল না।
সিএ ও অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সংগঠন (এসিএ) কাল নতুন চুক্তি নিয়ে নীতিগতভাবে একমত হওয়ার যৌথ ঘোষণা দিয়েছে। সমস্যার সমাধান হয়েছে সিএ খেলোয়াড়দের দাবি মেনে নেওয়াতেই। স্বস্তি প্রকাশ করেছেন সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।
এ বিষয়ে সাদারল্যান্ড বলেন, ‘এই ঘোষণার মধ্য দিয়ে আমরা অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্থিতিশীলতা ফিরিয়ে আনছি, সম্পর্ক মেরামতের কাজটাও শুরু করছি। বিশেষ করে ভক্ত-সমর্থকদের সঙ্গে।’
অবশ্য এসিএর প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসনের কথায় এখনো একটু কিন্তু রয়ে গেছে। তার ভাষায়, ‘আমার মনে হয় সবকিছু ঠিক হতে আরেকটু সময় লাগবে। তবে আমরা এখন একসঙ্গে হয়ে খেলাটার ভালোর জন্যই কিছু করব।’
অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার সমঝোতার পরপরই টুইট করেছেন, ‘যে কাজটা করতে আমরা ভালোবাসি, সেই ক্রিকেট খেলতে আমরা এখন মাঠে নামার অপেক্ষায়।’ ১০ আগস্ট থেকে ডারউইনে বাংলাদেশ সফরের প্রস্তুতিতে নামার কথা অস্ট্রেলিয়া দলের।
সিএর সঙ্গে খেলোয়াড়দের বিরোধ মিটে যাওয়ার অপেক্ষায় ছিল বিসিবি। কারণ আসন্ন সিরিজের আগে অস্বস্তির কাঁটা হয়ে ছিল এই বিরোধ। অবশেষে সেটি দূর হয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এখন স্বস্তিতে।
মিডিয়াপ্রধান জালাল ইউনুস বলেন, ‘আমরা আনন্দিত যে সিরিজটা হচ্ছে। আমাদের খুব বেশি টেস্ট খেলার সুযোগ হয় না। আমরা ঘরের মাঠে দুটি টেস্ট ম্যাচ খেলব, এটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য।’ তিনি অবশ্য বলেছেন, সিএর সঙ্গে খেলোয়াড়দের সমস্যা নিয়ে খুব একটা দুশ্চিন্তা ছিল না বিসিবির। বরং বিশ্বাস ছিল, অস্ট্রেলিয়ান ক্রিকেটের অভ্যন্তরীণ সমস্যা সফরের আগেই মিটে যাবে। ‘সিএ কখনোই আমাদের নেতিবাচক কিছু বলেনি। কোনো সময় তারা এক সেকেন্ডের জন্যও মনে করেনি সিরিজটা হবে না’—বলেছেন জালাল ইউনুস।
উল্লেখ্য, আর্থিক বণ্টননীতি নিয়ে সিএর সঙ্গে খেলোয়াড়দের বিরোধ ১০ মাস ধরেই চলে আসছিল। ২০ বছর ধরে চলে আসা নীতি অনুযায়ী সিএর রাজস্ব আয়ের একটা ভাগ পেতেন দেশের সব প্রথম শ্রেণির ক্রিকেটার। কিন্তু এই নীতি আর সময়োপযোগী নয় দাবি করে সিএ চেয়েছিল খেলোয়াড়দের শুধু উদ্বৃত্ত রাজস্বের ভাগ দিতে এবং সেটাও সবাইকে নয়। ‘পুল’ করে নির্দিষ্টসংখ্যক খেলোয়াড়কে এই অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। বাকি টাকা ব্যয় করতে চেয়েছিল তৃণমূল পর্যায়ে ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়াতে।
খেলোয়াড়েরা শুরু থেকেই এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেন। তাঁদের উপলব্ধি ছিল, আর্থিক বণ্টনের প্রস্তাবিত নীতি কার্যকর হলে তাঁরা আর সিএর অংশীদার থাকবেন না, পরিণত হবেন কর্মচারীতে। এ কারণে নতুন চুক্তি সই করতে চাননি খেলোয়াড়েরা। আর তাই গত ৩০ জুন পুরোনো চুক্তি শেষ হয়ে যাওয়ার পর একযোগে বেকার হয়ে পড়েন অস্ট্রেলিয়ার ২৩০ জনের মতো ক্রিকেটার। চুক্তির বিরোধিতা করে তাঁরা বয়কট করেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরও।
সংশয়ে পড়ে গিয়েছিল বাংলাদেশ সফর আর অ্যাশেজও। সর্বশেষ গত পরশু অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথ ঘোষণাই দিয়ে দেন, দাবি না মানা পর্যন্ত কোনো সফর নয়। তবে গতকালের সমঝোতার পর দূর হয়ে গেছে সব সংশয়। আগের সূচি অনুযায়ী ১৮ আগস্ট দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল। আর চট্টগ্রাম পর্বের প্রস্তুতির জন্য বাংলাদেশ দলের কোচ-খেলোয়াড়েরা ঢাকা ছাড়ছেন আজই।
