এদিন ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ২৭৮ দশমিক ৪০ ডলারে লেনদেন হয়। এর আগের দিন পণ্যটি ১ হাজার ২৭৯ দশমিক ৪০ ডলারে লেনদেন হয়েছিল, যা গত ৮ জুনের পর সর্বোচ্চ। তবে স্পট মার্কেটে এক মাসে স্বর্ণের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছে।
সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে রুপার দাম দশমিক ২ শতাংশ কমেছে। এদিন পণ্যটির দাম আউন্সপ্রতি ৩ সেন্ট কমে ১৬ দশমিক ৭৩৩ ডলারে হাতবদল হয়। আগের দিন পণ্যটি ১৬ দশমিক ৭৬ ডলারে লেনদেন হয়েছিল।
এদিকে এডিপির এক প্রতিবেদনে জুলাইয়ে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে প্রত্যাশার চেয়ে একটু বেশি প্রায় ১ লাখ ৭৮ হাজার কর্মসংস্থান সৃষ্টির খবর জানানো হয়েছে। কর্মসংস্থান-সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন আজ প্রকাশ হওয়ার কথা। মার্কেটওয়াটের এক জরিপে দেখা গেছে, প্রকাশিতব্য প্রতিবেদনে গত মাসে দেশটিতে ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান সৃষ্টির তথ্য জানানো হতে পারে। একই সঙ্গে দেশটির বেকারত্বের হার ৪ দশমিক ৪ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে, যা হবে ১৬ বছরে সর্বনিম্ন।
বুধবার ওহাইওতে এক ব্যাংকিং কনফারেন্সে ক্লিভল্যান্ড ফেডারেল রিজার্ভের লরেট্টা মেসটের জানান, ফেডারেল রিজার্ভ ক্রমান্বয়ে কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে যাচ্ছে। এতে অর্থনৈতিক সূচক ও মূল্যস্ফীতির ওঠানামার কারণে আর অবস্থান পরিবর্তন করতে হবে না।
এদিকে গোল্ডকোর লিমিটেডের গবেষণা পরিচালক মার্ক ও’বায়ার্নি বলেন, গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের তুলনামূলক কম গাড়ি বিক্রির খবরে অর্থনীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এতে ভবিষ্যতে সুদহার বৃদ্ধিতে ফেডারেল রিজার্ভ কিছুটা প্রতিবন্ধকতার মুখে পড়তে পারে।
সাম্প্রতিক সময়ে আইসিইতে ইউএস ডলার সূচক ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে আছে। ফেডারেল রিজার্ভের ধীরে চলো নীতি ও হোয়াইট হাউজ ঘিরে উদ্ভূত সংকটের কারণে ডলারের এ অবস্থা। চলতি বছরে ডলারের বিপরীতে ইউরোর দাম বেড়েছে ১২ শতাংশ।
সাধারণত ডলার ও স্বর্ণের বাজার বিপরীত আচরণ করে। ডলারের দাম কমলে ভিন্ন মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণ কেনা সহজ হয়। তবে উভয় পণ্যের বাজারেই মুদ্রানীতির প্রভাব আছে। সাধারণত সুদহার বাড়লে ডলারের দাম বাড়ে। আর সুদহার কমলে স্বর্ণের মতো পণ্যের চাহিদা বেড়ে যায়।
অক্টোবরে সরবরাহের চুক্তিতে প্লাটিনামের দাম দশমিক ৫ শতাংশ বেড়েছে। এদিন পণ্যটির দাম আউন্সপ্রতি ৪ দশমিক ৩০ ডলার বেড়ে ৯৫৩ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়। গত জুলাইয়ে পণ্যটির দাম ৫ শতাংশ বেড়েছে। গত ফেব্রুয়ারির পর মাসিক হিসাবে এই প্রথম পণ্যটির দাম বাড়ল। সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে প্যালাডিয়ামের দাম দশমিক ১ শতাংশ কমেছে। এদিন পণ্যটির দাম আউন্সপ্রতি ১ দশমিক ২০ ডলার বেড়ে ৮৯২ দশমিক ২০ ডলারে লেনদেন হয়। এর আগের দিন পণ্যটির দাম ৯০০ ডলার পর্যন্ত পৌঁছে গিয়েছিল।
