সাকিব আহমেদ
গল্পের নায়ক হতে সময় লাগে। লেখকের ক্ষুরধার মগজে সেরা চরিত্র হয়ে গল্পকে আকর্ষণীয় করতে ভাবনার জগৎ পেরিয়ে আসতে হয়। কিন্তু ভিলেন হতে যে সময় লাগে না। ব্রাজিলের নেইমার, বার্সেলোনার সাবেক সুপারস্টার হয়ত তা সব থেকে বেশি উপলব্ধি করতে পারবে। সাবেক? হ্যা, তাই তো! বার্সেলোনার জার্সিতে তো আর তাকে দেখা যাবে না। ইতিহাসের সব থেকে ব্যয়বহুল ট্রান্সফার রেকর্ডে ফ্রান্সের পিএসজিতে পাড়ি জমিয়েছে যে।
আচ্ছা, বার্সেলোনার জার্সিতে নেইমারের সেরা ম্যাচ কোনটি? আপনি হয়ত স্মৃতির পাতায় হাতড়ে বেড়াবেন, হিসেব কষে বের করার চেষ্টা করবেন কোন ম্যাচের কথা বলা যায়। তবে খুব সহজেই সেই ম্যাচের কথাই হয়ত মাথায় আসবে, যেই ম্যাচকে নেইমারও হয়ত মানবেন বার্সার জার্সিতে শুধু নয়, নিজের ক্যারিয়ারের সেরা একটি ম্যাচ। পিএসজি’র সাথে সেদিন রচিত হয়েছিল নেইমার কাব্য। ক্যাম্প ন্যু’র সেই ৯০ মিনিটে পুরো ফুটবল বিশ্ব নাড়িয়ে দিয়ে জিতেছিল বার্সা। চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় রাউন্ড প্রথম লেগে ৪-০ তে বিধস্ত হয়ে ঘরের মাঠে দ্বিতীয় লেগে জয়ের কোনো বিকল্প ছিল না। আর জিততে হলে ইতিহাস গড়তেই হত। সেই ইতিহাস গড়েছেন নেইমার, নেইমারের শেষ ৭ মিনিটের মহাকাব্যে কাতালান দলটি করেছে ইতিহাসের সেরা কামব্যাক। লুইস এনরিকের মাঠের মধ্যে দৌড়, দর্শকদের চোখে জল এনে দেওয়া আনন্দ-উল্লাস এবং সবকিছুকে ছাপিয়ে এডভারটাইজ বোর্ডে উঠে ভক্তদের ছুড়ে দেওয়ার মেসির মূল কারিগর তো তিনি। নেইমারকে এর থেকে ভালভাবে উপস্থাপন আর কোথায় করা যায়?
২০১৩ সালে নিজের ছোটবেলার ক্লাব সান্তোসকে ছেড়ে বার্সেলোনায় আসাটাও একপ্রকার নাটকের অংশবিশেষ। প্রায় ৮৫ মিলিয়নে দলে ভিড়ানোকে বার্সা কর্তৃপক্ষ দেখিয়েছে ৫০ মিলিয়নেরও কম। তাই আদালত পর্যন্ত গিয়েছিল ব্রাজিলের ক্লাব সান্তোস। তবে সব ছাপিয়ে ক্যাম্প ন্যু’র ৫৬ হাজার দর্শকের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয় নেইমার জুনিয়রকে। আবেগ, ভালবাসায় মুড়িয়ে বরণ করে নেওয়া সেই ছেলেটি চার বছর পর আজ খলনায়কের কাতারে। রোনালদিনহো যেমন নিজের দায়িত্ব মেসির কাঁধে দিয়ে বার্সেলোনার পরম্পরার সৃষ্টি করেছিল, তেমনি নেইমারও মেসির দায়িত্ব নিয়ে কাতালান ক্লাবটিকে এগিয়ে নিয়ে যাবে – ভক্তকুলের এমন আশাকে নিরাশা করে দেওয়ায় আজ বিশ্বাসঘাতক, ভাড়াটে আরো নানা উপাধিতে ভূষিত হতে হচ্ছে।
২০১৩-১৪ মৌসুমে তার অভিষেক ঘটে সানচেজের বদলী হিসেবে। সে মৌসুমে তার প্রথম গোল আসে আটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। পেদ্রোর বদলি হিসেবে নেমে করেন সে গোল। বার্সার জার্সিতে তরুণ নেইমার নিজের প্রথম মৌসুমে ৪১ ম্যাচ খেলে করেন ১৫টি গোল। চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে সেলটিকের বিপক্ষে আসে তার প্রথম হ্যাট্রিক। এভাবেই শুরু হয় নেইমারের নতুন যাত্রা।
পরের মৌসুমে সুয়ারেজের আবির্ভাব। মেসি-নেইমারের সাথে সুয়ারেজ মিলে ফুটবল জগতের ভয়ংকর আক্ৰমণভাগ ‘এমএসএন’ ত্রয়ী গড়ে উঠল। যার প্রতিটি ধাপে, প্রতিটি আক্রমনে কেঁপে কেঁপে উঠতে থাকছিল প্রতিপক্ষের রক্ষণ দুর্গ। আজ ‘এম’ আছে ‘এস’ আছে, তবে ‘এন’ টা হারিয়ে গেছে। সাথে নিয়ে গেছে অফুরন্ত ভালবাসা। এই ‘এমএসএন’ আক্রমনে তখন টালমাটাল অবস্থা সব দলের। আর নেইমার? ভয়ংকর সব কারসাজিতে মেসি সুয়ারেজদের সাথে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে সবকিছু। সেবার বার্সা ট্রেবল জিতল, তাতে ৫২ ম্যাচে ৩৯ গোল করা নেইমারের অবদান অনন্য। চ্যাম্পিয়ন লীগের ফাইনালে শেষ গোল দিয়ে বার্সাকে ইউরোপ সেরা করানোতেও তার অবদান নেহাতই কম নয়।
গত মৌসুমে নেইমার কেমন খেলেছে, কিভাবে খেলেছে তা না হয় নাইবা বলি। পিএসজিকে যেভাবে হারিয়েছে সেটাই নেইমারকে বিচার করতে যথেষ্ট। নেইমারকে নিয়ে এমন অনেক টুকরো টুকরো স্মৃতি ভীড় করবে, মনের মাঝে বিরহের সুর বাজাবে। আবেগ ভালবাসা সবকিছুতে যে মেসির পরেই যে তিনি ছিলেন। তবে মেসি হতে পারেন নি। ভালবাসার মূল্য দিয়ে থেকে যেতে পারেন নি। এত কিছুর পরেও আজ হতে হয়েছে খলনায়ক। চরম অভিমান, অসংখ্য অভিযোগ ভর করে। তারপরও তুচ্ছ ভালোবাসায় কার কি এসে যায়?
একজন ব্যাকুল প্রাণের ভক্ত হয়ে সব শেষে বলতে হয়, নেইমার – যেখানে খেলো, ভালো খেলো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা ও বুক ভরা ভালোবাসা…
