নতুন নিয়মে, নতুন আঙ্গিকে হবে আগামীর বিশ্বকাপ ক্রিকেট। দশটি দলের অংশগ্রহণে সেই টুর্নামেন্টে থাকছে না কোনো গ্রুপ পর্ব। প্রতিটি দল প্রথম রাউন্ডে সবার সাথে লড়াই করবে সেমি ফাইনালে উঠার লক্ষ্যে।
ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে আসছে বড় ধরনের পরিবর্তন। ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টকে প্রতিদ্বন্দ্বীতাপূর্ন করার লক্ষ্যে দল কমিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। গত বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল ১৬টি দেশ। তখনই আইসিসির পক্ষ থেকে ঘোষণা এসেছিল আগামীতে কমবে দল। ১৬ থেকে নেমে দাঁড়াবে ১০ এ। র্যাংঙ্কিংয়ে থাকা শীর্ষ আট দল খেলবে সরাসরি, এবং বাকিদের বাছাইপর্বের বাধা টপকাতে হবে।
এর প্রেক্ষিতে ৩১ সেপ্টেম্বরের মধ্যে শীর্ষ আটের মধ্যে থাকা দলগুলোর বিশ্বকাপ একপ্রকার নিশ্চিত হয়ে যাবে। টেস্ট সদস্য বাকি চার দলের সাথে আইসিসি সহযোগী প্রধান চার দল, মোট আট দলের বাছাইপর্ব থেকে দুই দলকে বেছে নেওয়া হবে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সরাসরি বিশ্বকাপ একপ্রকার নিশ্চিত। বাকি শ্রীলঙ্কা ও ওয়েস্টইন্ডিজের মধ্যে এক দল খেলবে সরাসরি।
সেই দশ দল নিয়েই হবে প্রথম রাউন্ড। যেখানে কোনো গ্রুপ থাকবে না। সবগুলো দল প্রত্যেকের সাথে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের উপরে থাকা শীর্ষ চারদল খেলবে সেমিফাইনাল, এরপর ফাইনাল।
উল্লেখ্য, ১৯৯২ বিশ্বকাপ নয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। সেই বিশ্বকাপের আকর্ষন,প্রতিদ্বন্দ্বীতা আইসিসির মনে নতুন করে বিশ্বকাপ সাজানোর ভাবনা জাগায় বলে ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্র : ইএসপিএন ক্রিকইনফো, উইকিপিডিয়া
