জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে ইউরোপ




জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ঠেকাতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ না করতে পারলে এই শতকের শেষ নাগাদ চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে ইউরোপে বছরে এক লাখ ৫২ হাজার মানুষ মারা যেতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।
‘দ্য ল্যানসেট প্লানেটারি হেলথ’ সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়েছে, এখনকার চেয়ে ওই সময় আবহাওয়ার ক্ষতিকর প্রভাবের শিকার হয়ে মৃত্যুহার ৫০ গুণ বেশি হবে। এসব ক্ষতিকর প্রভাবের ৯৯ শতাংশই ঘটতে পারে তাপপ্রবাহের কারণে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে দক্ষিণ ইউরোপ।
গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করতে কিছুই না করা হলে ও চরম আবহাওয়ার জন্য দায়ী বিষয়গুলোর প্রভাব হ্রাস করতে নীতিগুলোর উন্নয়ন করা না গেলে যা ঘটবে বলে বলা হয়েছে তা হল:
১৯৮১ সালে থেকে ২০১০ সালের মধ্যে প্রতি বছর চরম আবহাওয়াজনিত কারণে মৃত্যুর সংখ্যা তিন হাজার থেকে বেড়ে ২০৭১ থেকে ২১০০ সালের মধ্যে প্রতি বছর ১,৫২,০০০ জনে দাঁড়াবে।
চলতি শতাব্দির শুরুতে যেখানে প্রাকৃতিক দুর্যোগে ইউরোপের প্রতি ২০ জনের মধ্যে একজন ক্ষতিগ্রস্থ হতো তা বেড়ে প্রতি তিনজনের মধ্যে দুইজন ক্ষতিগ্রস্ত হবে।
শতাব্দির শুরুতে উপকূলীয় বন্যায় প্রতি বছর ছয়জনের মৃত্যুর জায়গায় শতাব্দির শেষ দিকে প্রতি বছর ২৩৩ জন করে মারা যাবে।
গবেষণায় সুইজারল্যান্ড, নরওয়ে ও আইসল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশে তাপপ্রবাহ, হঠাৎ শৈত্যপ্রবাহ, দাবানল, খরা, নদী ও উপকূলীয় বন্যা এবং ঝড়ের মতো আবহাওয়াজনিত সবচেয়ে মারাত্মক সাতটি প্রভাব বিশ্লেষণ করে দেখা হয়েছে।
ওই নিবন্ধের অন্যতম গবেষক জিওভান্নি ফরজিয়েরি বলেন, ‘একুশ শতকে মানবস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি জলবায়ু পরিবর্তন। যদি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিষয়টিকে জরুরি বিবেচনা করে সঠিক পদক্ষেপ নেওয়া না যায়, তবে প্রাকৃতিক দুর্যোগ বাড়তে থাকবে। এই শতকের শেষ নাগাদ বার্ষিক ভিত্তিতে ৩৫ কোটি ইউরোপীয়ের ওপর ক্ষতিকর আবহাওয়ার প্রভাব পড়বে।’