প্রথম দিনে বক্স অফিসে ব্যর্থ 'জাব হ্যারি মেট সেজল'




প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। ধারণা করা হচ্ছিল শাহরুখ-আনুশকা ম্যাজিকে বক্স অফিসে ঝড় তুলবে ‘জাব হ্যারি মেট সেজল’। কিন্তু সে আশার গুড়ে বালি। শাহরুখ খানের ‘জাব হ্যারি মেট সেজল’ নিয়ে এমনটাই মত ইন্ডাস্ট্রির একটা বড় অংশের। প্রথম দিনের বক্স অফিসের হিসেবে গত পাঁচ বছরে শাহরুখ খানের এত খারাপ ওপেনিং নাকি হয়নি!

ইমতিয়াজ আলির পরিচালনায় প্রথম বার কাজ করলেন শাহরুখ। আনুশকার সঙ্গে এটা তাঁর তৃতীয় ছবি। বক্স অফিস ইন্ডিয়া সূত্রে খবর, এই ছবিটির প্রথম দিনের আয় ১৫.২৫ কোটি টাকা। যা শাহরুখের কেরিয়ারের গত পাঁচ বছরের হিসেবে সবচেয়ে কম।

শাহরুখ খান নামটার সঙ্গেই জড়িয়ে রয়েছে বক্স অফিসে হিটের কানেকশন। সিনেপ্রেমীদের একটা অংশের মত, হাতে এখনও সময় রয়েছে। ভালই ব্যবসা করবে ছবিটি। কিন্তু আর একটা অংশের মত, মর্নিং শো’স দ্য ডে। প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ার পর আর কি মেকআপ দেওয়া সম্ভব?