দক্ষিণ চীন সাগর হয়ে বাণিজ্য বাড়ছে




দক্ষিণ চীন সাগরের মালিকানার দাবি নিয়ে আঞ্চলিক বিরোধ চরমে পৌঁছেছে। এ সমস্যা সমাধানে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্সের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের সর্বশেষ বৈঠকটিও সফল হয়নি। তবে ক্রমবর্ধমান দ্বন্দ্ব সত্ত্বেও এ সমুদ্রপথ দিয়ে বৈশ্বিক বাণিজ্যে কোনো ভাটা পড়েনি; উল্টো বেড়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে দেখা গেছে, ২০০৮-১৬ সাল পর্যন্ত দক্ষিণ চীন সাগরের মধ্য দিয়ে মোট ২৮ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য সম্পন্ন হয়েছে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিবেদনে দেখা গেছে, দক্ষিণ চীন সাগরকে ঘিরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বর্ধনশীল দ্বন্দ্ব আন্তর্জাতিক বাণিজ্যে কোনো প্রভাব ফেলেনি। ২০০৮ সালে এ সমুদ্রপথে মোট ২ দশমিক ৬১ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য সম্পন্ন হয়েছে। গত বছর তা বেড়ে ৩ দশমিক ৩৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০১৬ সালে সম্পন্ন হওয়া বৈশ্বিক বাণিজ্যের ২১ শতাংশই দক্ষিণ চীন সাগরের মধ্য দিয়ে হয়েছে। এ সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচলের রুট, স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা-সম্পর্কিত তথ্য ও দ্বিপক্ষীয় বাণিজ্যের গতির সাম্প্রতিক তথ্য ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
২০০৯ থেকে ২০১৬— এ সাত বছরের মধ্যে ছয় বছরই দক্ষিণ চীন সাগরের সমুদ্রপথ দিয়ে বাণিজ্য বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর অধিকাংশই সমুদ্রপথে বাণিজ্যের ক্ষেত্রে দক্ষিণ চীন সাগরকে গুরুত্ব দিয়ে থাকে। ২০১৬ সালে সমুদ্রপথে বাণিজ্যের ৬৪ শতাংশই দক্ষিণ চীন সাগরের মাধ্যমে সম্পন্ন করেছে বেইজিং। জাপানের ক্ষেত্রে এ হার প্রায় ৪২ শতাংশ। এর ওপর তুলনামূলক কম নির্ভরশীল যুক্তরাষ্ট্রও রুটটির মধ্য দিয়ে নিজেদের সমুদ্রপথ বাণিজ্যের ১৪ শতাংশ সম্পন্ন করেছে।
এদিকে বিশ্বের এক-তৃতীয়াংশ বাণিজ্যিক জাহাজ দক্ষিণ চীন সাগরের মধ্য দিয়ে চলাচল করে থাকে। মত্স্যসম্পদের এ বিশাল আধার দক্ষিণ-পূর্ব এশিয়ার কোটি মানুষের খাদ্যনিরাপত্তা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ চীন সাগরের তলদেশে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের মজুদ রয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এ সমুদ্রের পার্শ্ববর্তী দেশ চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, সিঙ্গাপুর এতে আধিপত্য বিস্তারের লড়াই করে আসছে। এক্ষেত্রে একধাপ এগিয়ে রয়েছে চীন। দক্ষিণ চীন সাগরে নিজেদের দখল পোক্ত করতে এখানে কৃত্রিম দ্বীপ নির্মাণ করেছে দেশটি। শুধু তা-ই নয়, মালিকানা দাবিদার অনেক দেশকে অন্যান্য ক্ষেত্রে সুবিধা দিয়ে প্রতিযোগিতা কমিয়ে আনতে চাইছে চীন।
এরই মধ্যে ফিলিপাইনকে বাণিজ্যিক কৌশল ও অর্থনৈতিকভাবে সন্তুষ্ট করার চেষ্টা করছে দেশটি। গত অক্টোবরে ফিলিপিনো প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বেইজিং ঘুরে যাওয়ার পর নিজেদের মধ্যকার সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টা করে যাচ্ছে দেশ দুটি। এর ধারাবাহিকতায় দুই মাস অন্তর তাদের অর্থনীতি-বিষয়ক কর্মকর্তারা বৈঠক করছেন। ফিলিপাইনের গ্রীষ্মকালীন ফলের জন্য নিজেদের বাজার উন্মুক্ত করে দিয়েছে চীন।
এছাড়া আর্থিক সহায়তা ছাড়াও বাণিজ্যিক কার্যক্রমে ঋণ হিসেবে দেশটিকে ৯০০ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। দুটি সেতু, একটি সেচ প্রকল্প ও পানি সরবরাহ বাড়াতে ড্যাম সম্প্রসারণে এ অর্থ ব্যয় করা হবে। এছাড়া ৩০০ কোটি ডলারের একটি রেলওয়ে প্রকল্প নিয়েও দুদেশের মধ্যে আলোচনা চলছে। এতসব সত্ত্বেও সম্ভবত ফিলিপাইনকে নিয়ন্ত্রণে আনতে পারছে না চীন। কারণ দেশটির সেক্রেটারি অব ফিন্যান্স (এসসিএমপি) জানিয়েছে, সমুদ্রপথের সার্বভৌমত্ব নিয়ে তারা কোনো ধরনের সমঝোতা করবে না।
এদিকে দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ মেটাতে একটি সমাধানে আসতে গত শনিবার বৈঠক করেন আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। তবে এ বিষয়ে কোনো ঐকমত্য না হওয়ায় আলোচনা ব্যর্থ হয়। তবে এ দ্বন্দ্ব মেটাতে আশাবাদী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নির্ধারণ করতে চলতি বছর থেকেই আলোচনা শুরু করবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো ও চীন।