রাজধানী ঢাকার মশা নিয়ন্ত্রণে সাড়ে চারশ কিলোমিটার নর্দমায় গাপ্পি মাছের পোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
সোমবার রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে গাপ্পি মাছের পোনা অবমুক্ত করার পর চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, নর্দমায় এ মাছের পোনা ছাড়তে দ্রুত প্রকল্প নেওয়া হবে।
মেয়র বলেন, ‘চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রকৃতি প্রদত্ত রোগ। প্রাকৃতিক উপায়ে এর প্রতিরোধ করতে পারলে সেটা সব চেয়ে ভাল হবে। ডিএসসিসির ৪৫০ কিমি ড্রেনে এই গাপ্পী মাছের পোনা অবমুক্ত করা হবে। এতে দরকার হবে প্রায় ১৫ লাখ পোনা। আমরা প্রাকৃতিক উপায়ে মশা ধ্বংস করতে যা যা করার করবো।’
মেয়র আরও বলেন, ‘আমরা ঘোষণা অনুযায়ী ২৫শ বাসায় গিয়ে স্বাস্থ্যসেবা দিয়েছি। এছাড়া ৩১ জুলাই থেকে এ পর্যন্ত ১৫শ ৭৭ জন রোগীকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে।’

পোয়েসিলা রেটিকুলাটা প্রজাতির এই রঙিন মাছ অ্যাকুরিয়ামের বাহারি মাছ হিসেবেই পরিচিত। সব ধরনের আবহাওয়ায় এই মাছ দ্রুত মানিয়ে নিতে পারে এবং পানির উপরের অংশে ঘোরাফেরা করে।
এই মাছ মশার লার্ভা খেয়ে ফেলে বলে বিভিন্ন দেশে মশক নিয়ন্ত্রণে আগেও গাপ্পির ব্যবহার হয়েছে। তবে গাপ্পি অতি দ্রুত বংশ বিস্তার করে বলে উন্মুক্ত জলাশয়ে এ মাছের ছড়িয়ে পড়া ক্ষতির কারণ হতে পারে। সেমিনারে জানানো হয়, একটি গাপ্পি মাছ দিনে গড়ে পঞ্চাশটি লার্ভা ধ্বংস করতে পারে।
দক্ষিণ সিটি করপোরেশন এলাকার জন্য প্রায় ১৫ লাখ গাপ্পি পোনার প্রয়োজন হবে এবং সিটি করপোরেশনই পোনা উৎপাদনের ব্যবস্থা নেবে বলে জানান মেয়র।
