স্প্যানিশ লীগের ইতিহাস শুরু হয় ১৯২৯ সালে। বর্তমানে লা লীগা হিসেবে পরিচিত ইউরোপের জনপ্রিয় এই লীগের অতিবাহিত হয়েছে ৮৬ বছরে। এত বছরে নামীদামি অনেক খেলোয়াড়ই স্পেনের মাঠগুলো মাতিয়ে গেছে। তবে সবাইকে ছাড়িয়ে লা লীগের ইতিহাসে সেরা আর্জেন্টাইন লিওনেল মেসি।
এই স্পেনে খেলেছেন বা খেলছেন কত নামীদামি তারকারা। ডিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, রোনালদিনহো, রোনালদো নাজারিও, রাউল, ক্রিস্টিয়ানো রোনালদো, ফিগো, বেকহাম, ইনিয়েস্তা, জাভি, রামোসদের নাম জড়িয়ে আছে এই লা লীগার সাথে। কিন্তু এক গবেষণায় দেখা গেছে, সবাইকে ছাড়িয়ে গেছেন স্পেনের প্রধান এ লীগের সর্বকালের সেরা লিওনেল।
‘রিসার্চ সেন্টার অব হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস অব স্প্যানিশ ফুটবল’ – এই গবেষণা সংস্থাটি সেরা খেলোয়াড় বেছে নিতে প্রতিটি খেলোয়াড়ের প্রতি মৌসুমে মোট খেলার সময়, পেনাল্টি গোল, ওপেন গোল, লাল কার্ড ইত্যাদি বিবেচনা করেছে। এ ব্যাপারে অন্যতম গবেষণাকারী অ্যান্তনিয় ওর্তেগা বলেন, ‘প্রতি মৌসুমে খেলোয়াড়ের অবদান সহজ ও সুনির্দিষ্ট নির্ণায়কের বিপরীতে বিশ্লেষণ করা হয়েছে। প্রত্যেক খেলোয়াড়কে একই দাঁড়িপাল্লায় মাপতে এটি একটি কার্যকর প্রক্রিয়া।’
মোট ৯২৮০ জন খেলোয়াড়ের ওপর এই গবেষণা চালানো। এঁদের মধ্যে ৮৪৫ জন গোলরক্ষক ছিলেন। লা লীগার সর্বোচ্চ গোলদাতা মেসি (৩৪৯ গোল)। দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর গোল ২৮৫ আর তৃতীয় স্থানের তেলমো জারার ২৫১। মেসির সঙ্গে সে ব্যবধান অনেক বেশি। এছাড়া প্রতিভা ও সামর্থ্য দিয়ে এই জায়গা আর্জেন্টাইন তারকা নিজের করে নিয়েছেন বলেই জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। সেরা খেলোয়াড়ের তালিকায় মেসির ঠিক পরেই আছের সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রাউল গঞ্জালেস। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে সিজার রদ্রিগেজ ও তেলমো জারা। শীর্ষ দশে আছেন হুয়ান আরদা, কুইনি, আলফ্রেডো ডি স্টেফানো, পাকো বেনতো, কার্লোস আলোনসো ও গুইলারমো গরস্তিজা। ১৭ নম্বরে অবস্থান করছে পর্তুগিজ ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এখনো খেলে যাচ্ছেন, এমন খেলোয়াড়দের তালিকায় মেসির পরপরই আছেন রোনালদো। বর্তমান খেলোয়াড় তালিকায় ৩ নম্বরে আছেন আরিৎজ আদুরিজ।
সূত্র: মার্কা
