সাইফের জায়গা নিলেন সালমান
০৮ অগাস্ট ২০১৭ - ০২:৪৪:০৪ অপরাহ্ন
একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া বলিউডের ভাইজান সালমান খানকে এবারে দেখা যাবে অ্যাকশন থ্রিলার ‘রেস’ এর তৃতীয় কিস্তিতে। ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার শুটিং শেষ হলেই এ সিনেমার কাজ শুরু হবে।
এ মুহূর্তে জোরেসোরে চলছে সালমানের নতুন সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার কাজ। চলতি বছর ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে ক্যাটরিনা কাইফের বিপরীতে সালমানের এ নতুন সিনেমা। এ ছাড়াও এ মুহূর্তে তার হাতে আছে ‘দাবাং থ্রি’ ও ‘ড্যান্সিং ড্যাডি’র কাজ।
শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই সালমানকে ‘রেস’ সিনেমার জন্য চাইছিলেন প্রযোজক রমেশ তাওরানি। কিন্তু ব্যস্ততার কারণে সময় দিতে পারেননি ভাইজান। এবারে সে সুযোগ এসেছ। ‘রেস-থ্রি’তে অভিনয় করতে রাজি হয়েছেন সালমান। কিন্তু সেই সঙ্গে দিয়েছেন একটি শর্ত।
আব্বাস মাস্তান পরিচালিত ‘রেস’ ও ‘রেস-টু’এর সিকুয়্যাল ‘রেস-থ্রি’তে সালমান অভিনয় করবেন যদি ‘ড্যান্সিং ড্যাড’ পরিচালক রেমো ডিসুজা এ ছবিটি পিরচালনা করেন। খবর বলছে সালমানের এ প্রস্তাব মেনে নিলে শিগশিরি ‘রেস-থ্রি’র শুটিং ফ্লোরে দেখা যেতে পারে ‘বজরঙ্গী ভাইজান’ অভিনেতাকে। খলনায়ক সাইফ আলী খানের বদলে ‘রেস-থ্রি’তে দেখা যাবে সালমানকে ধারণা করা হচ্ছে এমনটাই।